ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে টমটম থেকে ১৪০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩ মে) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও বাসস্টেশনের জাগিরপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি টমটম গাড়িতে থাকা যাত্রীদের তল্লাশীকালে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়া গ্রামের আবুল কাসেমের ছেলে সাদ্দাম হোসেন (৩২) এবং একই ইউনিয়নের পশ্চিম বামনকাটা গ্রামের আবদু সোবহানের ছেলে দেলোয়ার হোসেন (৪২)।
পুলিশ জানায়, চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। এ সময় টমটমে থাকা দুই যাত্রীর কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদকমুক্ত সমাজ গঠনে চলমান অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]