হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোড়া গুলিতে খাদেমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খাদেমুল হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা ও সীমান্ত-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন সীমান্তের মেইন পিলার নম্বর ৯০৫/৬-এস এলাকার কাছে এ ঘটনা ঘটে। ওই সময় কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে অতর্কিত ছররা গুলি ছোড়ে।
বিএসএফের ছোড়া গুলিতে খাদেমুলের মুখমণ্ডল, বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি কোনোভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে তার সহযোগী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “মধ্যরাতে সীমান্তে গুলির ঘটনার খবর পেয়েছিলাম। পরে জানতে পারি, গুলিবিদ্ধ যুবক রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”
তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]