শরীয়তপুরে প্রেমের টানে আর্জেন্টিনা সমর্থকের বাসায়, ধরা খেলেন ব্রাজিল ভক্ত
শরীয়তপুরে ফুটবল সমর্থনের প্রতিদ্বন্দ্বিতা এবার গড়ালো প্রেমের গল্পে। আর্জেন্টিনা সমর্থক এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ব্রাজিল সমর্থক রুহুল আমিন নামে এক ব্যক্তি।
মঙ্গলবার (৩ জুন) রাতে সদর উপজেলার আংগারিয়া এলাকার বাংচী বাজারে ওই তরুণীর বাসায় যান রুহুল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দুজনকে আটক করে তাদের সম্পর্ক সম্পর্কে জানতে চান। প্রথমে বন্ধুত্বের কথা বললেও পরে তরুণী দাবি করেন, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত ব্রাজিল ফুটবল দলের সমর্থনে পোস্ট করে থাকেন। অন্যদিকে তরুণী আঁখি আক্তার আর্জেন্টিনা দলের সমর্থক।
ফুটবল উন্মাদনার আবহে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকের এই প্রেমকাহিনি এখন শরীয়তপুরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পালং মডেল থানার ওসি শাহ আলম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুজনকে থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]