ঢাকা জেলায় ডিবির পৃথক পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর)। অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে ধামরাই, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
গত ৬ জুন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ধামরাই থানার নান্নার পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে কায়েদ আলী (৪০), ফরহাদ হোসেন (৩৫), রাসেল মিয়া (২৬) এবং তারেক আজিজ (২৪)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২৪ হাজার টাকা।
একই দিন রাত ৯টা ৫ মিনিটে সাভার মডেল থানার জামসিং এলাকায় পৃথক অভিযানে রাসেল খান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
রাত ১১টা ৩০ মিনিটে ধামরাই থানার জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে বাবুল মিয়া (৩০) ও সাগর হোসেন (২৭)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পরদিন ৭ জুন রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে মিলন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কায়েদ আলীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা, ফরহাদ হোসেনের বিরুদ্ধে একটি অন্যান্য মামলা, রাসেল মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং বাবুল মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা পূর্বে রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ বলছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]