খুঁজুন
, ,

নোয়াখালী থেকে এসে শরীয়তপুরের জাজিরায় ‘চাঁদাবাজির সাম্রাজ্য’, নেপথ্যে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার..!

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
নোয়াখালী থেকে এসে শরীয়তপুরের জাজিরায় ‘চাঁদাবাজির সাম্রাজ্য’, নেপথ্যে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার..!

পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকা। কিন্তু গুরুত্বপূর্ণ এই নাওডোবা বাসস্ট্যান্ড এখন অভিযোগের কেন্দ্রবিন্দুতে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, স্থানীয় ‘বাবু-অপু সিন্ডিকেট’-এর নিয়ন্ত্রণে এখানে দীর্ঘদিন ধরে চলছে সংগঠিত চাঁদাবাজি, যার কারণে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বাস মালিক, চালক, হেলপার এবং সাধারণ যাত্রীরা।
সম্প্রতি সরেজমিনে নাওডোবা বাসস্ট্যান্ড পরিদর্শন এবং পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, স্ট্যান্ডটিতে বিভিন্ন কৌশলে নিয়মিত চাঁদা আদায় করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত পদ্ধতি হলো ‘জিপি’ বা ‘গেটলক পাস’। অভিযোগ রয়েছে, স্ট্যান্ড অতিক্রমের সময় প্রতিটি বাস থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। পরিবহন শ্রমিকদের দাবি, এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন বাবু শেখ নামে এক ব্যক্তি।

শুধু তাই নয়, বরিশাল ও খুলনা অঞ্চল থেকে ঢাকাগামী বাসগুলোতে যাত্রী গণনা করে প্রতি যাত্রী বাবদ ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, বাবু ও অপুর নেতৃত্বে মাঠপর্যায়ে নিয়োজিত কয়েকজন ব্যক্তি চালক ও হেলপারদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাস মালিক বলেন, “নাওডোবা, কাজিরহাট ও টিএনটি মোড়ে চাঁদা না দিলে বাসে যাত্রী তুলতে দেওয়া হয় না। ব্যবসা চালিয়ে নিতে বাধ্য হয়েই টাকা দিতে হচ্ছে। এই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত যাত্রীদের ভাড়ার ওপরই প্রভাব ফেলে।”

তারা আরও জানান, এসব অবৈধ অর্থ আদায় বন্ধ করা গেলে পরিবহন ব্যয় কমানো সম্ভব হতো এবং যাত্রীরাও কম ভাড়ায় যাতায়াতের সুবিধা পেতেন।আগেও প্রকাশ্যে এসেছিল অভিযোগ
পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এর আগেও নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনা গণমাধ্যমে উঠে আসে। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনাও প্রচারিত হয়েছিল। ওই প্রতিবেদন প্রকাশের পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরবর্তীতে আবারও আগের অবস্থায় ফিরে যায় বলে অভিযোগ রয়েছে।
নাওডোবা শ্রমিক দলের সভাপতি সারোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “বাবুর মূল বাড়ি নোয়াখালী অঞ্চলে। তিনি স্থানীয় প্রভাবশালী অপু ব্যাপারীর আত্মীয়। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বাসস্ট্যান্ডে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। ৫ আগস্টের আগে ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনাতেও তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বর্তমানে কিছু রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় তারা আবারও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।”

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবু শেখ। তিনি বলেন, “চাঁদা তোলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কয়েকটি বাস কাউন্টারের দায়িত্ব পালন করি, আমার লোকজনও সেখানেই কাজ করে।”
ছাত্র আন্দোলনের সময় হকিস্টিক হাতে ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে তিনি দাবি করেন, “ওই ছবি খেলাধুলার উদ্দেশ্যে যাওয়ার সময় তোলা হয়েছিল। এছাড়া নির্বাচনের সময় আমাদের জোর করে পোস্টার হাতে ছবি তুলতে বাধ্য করা হয়েছিল। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।”
নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, “বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।”

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ তানভীর হোসেন বলেন চাদাবাজীর ব্যাপারে এখনো সু স্পষ্ট কোনো অভিযোগ পাইনি। আমরা অনুসন্ধান চালাচ্ছি অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

পদ্মা সেতুর প্রবেশমুখে অবস্থিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ থাকলেও কেন তা বন্ধ হচ্ছে না—এ প্রশ্ন এখন স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টদের। তাদের দাবি, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে নাওডোবা বাসস্ট্যান্ডকে চাঁদাবাজমুক্ত করে যাত্রী ও পরিবহন খাতকে স্বস্তি ফিরিয়ে দিতে হবে।

কুমিল্লায় অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
কুমিল্লায় অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহত অপ্রতিমের বয়স প্রায় ১৩ বছর। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বয়স প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কিশোর অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। তাদের সঙ্গে অপ্রতিমের পরিচয় ও বন্ধুত্ব ছিল এবং তারা নিয়মিত একসঙ্গে আড্ডা দিত। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের কেউ কেউ অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছর বড়।

অপ্রিতমের সঙ্গে থাকা মোবাইল ফোন উদ্ধারের তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার সময় ব্যবহৃত মোবাইল ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ আইনানুগ পরবর্তী কার্যক্রম, including আদালতে জবানবন্দি গ্রহণের বিষয়ে কাজ করছে।

পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বিভিন্ন আলামত জব্দ করেছে। উদ্ধার করা আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে। নিহতের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে এবং রোববার তার দাফন করা হয়েছে।

দ্রুত বিচার শেষ করার আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যার বিচারও স্বল্প সময়ে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। পুলিশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করবে। এরপর বিচার বিভাগ বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ, পরে উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ, পরে উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কর্মকর্তাকে উদ্ধার করেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার বজরা ইউনিয়নের গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ‎‎স্থানীয় কৃষক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাহিদামত সার না পাওয়ায় কৃষকরা চরম ভোগান্তিতে রয়েছেন। ওই এলাকার দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকার স্থানীয় কৃষকদের কাছ থেকে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে ডিলারের কাছে জমা দিলেও কৃষকরা সার পাচ্ছিলেন না। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল সন্ধ্যার পর গাবেরতল বাজারের আব্দুল গফফারের কীটনাশক ও সারের দোকানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকারকে দেখতে পান কয়েকজন কৃষক। এ সময় ক্ষুব্ধ কৃষকরা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১ ঘণ্টা পর ওই কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, ‘আমি প্রায় দিন ওই কীটনাশকের দোকানে বসে আড্ডা দেই। গতকাল সন্ধ্যার পর হঠাৎ করেই স্থানীয় কৃষকরা আমাকে দেখে ক্ষুব্ধ হয়ে উঠে। পরে আশপাশের লোকজন উত্তেজনা দেখে কীটনাশকের দোকানে আমাকে বসিয়ে রেখে দোকান বন্ধ করে দেন। প্রায় ১ ঘন্টা পর পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে আসে।’
তার উপর কৃষকদের ক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ডিলাররা যখন সার বিতরণ করেন তখন আমরা সেখান থেকে বিষয়টি দেখাশুনা করে থাকি। অনেকে যথা সময়ে সার পান না। তাদের ধারণা আমার কারনেই তারা সার পাচ্ছে না। এ কারনে আমাকে দেখে ক্ষুব্ধ হন।’

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সরকারকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে তাকে সহকর্মীদের জিম্মায় দেওয়া হয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘সার সংক্রান্ত কোনো বিষয়ে অবরুদ্ধের ঘটনা ঘটেনি। অনেকে বিভিন্ন কারনে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিত ভাবে ওই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন। পরে থানা প্রশাসনের সহযোগিতায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম আরিফ বলেন, ‘আমি যতটুকু শুনেছি ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তা তার ব্যক্তিগত কাজে ওই এলাকায় গিয়েছিলেন। এ সময় কিছু স্থানীয় লোক ক্ষুব্ধ হয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি – দিতাম’

আহনাফ হামিম, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি – দিতাম’

একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমকে হারিয়ে দিশাহারা তার পরিবার। শুক্রবার বিকেল থেকে ছেলেকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় থাকা পরিবার শনিবার তার মরদেহ উদ্ধারের খবর পায়।

ইশায়াতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল হাকিম বলেন, ‘বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলের এমন মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের পরিবার এ ঘটনায় শোকাহত।’

মরদেহ উদ্ধারের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান খান ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশায়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ‘শুধুমাত্র একটি আইফোনের জন্য ছেলেটাকে মেরে ফেললি। এ রকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি—আমরা দিতাম। নিখোঁজ অপ্রতীমকে মেরে ফেলা হয়েছে। হে আল্লাহ, বাবা-মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।’

ময়নাতদন্তের জন্য ইশায়াতের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।তিনি বলেন, ‘ঘটনার শুরু থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

এর আগে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে ইশায়াতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ইশায়াত শাহরিয়ার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় মা-বাবার সঙ্গে থাকত।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় ইশায়াত। এরপর আর বাসায় ফেরেনি। দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে শনিবার তার মরদেহ উদ্ধারের খবর পান তারা।