ব্রাজিলের হারে মানসিকভাবে ভেঙে পড়া যুবকের মৃত্যু, কুমারখালীতে ট্রলের জেরে আ’ত্ম’হত্যার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়ে প্রতিপক্ষ সমর্থকদের ট্রল ও উপহাস সহ্য করতে না পেরে রতন (২১) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার মাত্র দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ফুটবল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর থেকেই রতন মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রিয় দলের হার তিনি সহজভাবে মেনে নিতে পারেননি। এর মধ্যে সোমবার সকালে প্রতিপক্ষ দলের সমর্থকদের ধারাবাহিক ট্রল ও উপহাসের মুখে পড়ে তিনি আরও মানসিক চাপে পড়ে যান। একপর্যায়ে পরাজয়ের কষ্ট ও বিদ্রূপের চাপ সহ্য করতে না পেরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।
নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, রাতে খেলা দেখে রতন ঘুমিয়ে পড়েছিলেন। সোমবার বেলা ১১টার দিকেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিবার জানিয়েছে, রতন ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক ছিলেন। তাদের ধারণা, প্রিয় দলের পরাজয়ের হতাশা এবং প্রতিপক্ষ সমর্থকদের ট্রল ও উপহাসের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে বিষয়টি নিয়ে পুলিশ প্রয়োজনীয় অনুসন্ধান করেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]