চট্টগ্রামের বন্যাকবলিত ৭ উপজেলায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান, পানিবন্দি লাখো মানুষের পাশে সেনাসদস্যরা
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আকস্মিক বন্যায় পানিবন্দি মানুষের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রশাসনের অনুরোধে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনীর সদস্যরা বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।
শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিস্থিতি মোকাবিলায় ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল প্রয়োজনীয় সরঞ্জামসহ দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, অতিবৃষ্টির কারণে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২৪ পদাতিক ডিভিশনের সদস্যদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে। তারা দুর্গত এলাকায় আটকে পড়া মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ করছেন।
উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করতে ২৪ পদাতিক ডিভিশন বন্যাকবলিত এলাকায় তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে সার্বক্ষণিক উদ্ধার, সমন্বয় ও ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]