লালমনিরহাটে আগুনে পুড়ে ছাই বসতঘর, অক্ষত অবস্থায় মিলল পবিত্র কোরআন
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা মাজার এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নুর মোহাম্মদ, যিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক এবং ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় নুর মোহাম্মদ মাদ্রাসায় ছিলেন এবং তার স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়িটি তালাবদ্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর ভস্মীভূত হয়।
এদিকে, স্থানীয়দের দাবি, ঘরের সবকিছু পুড়ে গেলেও একটি পবিত্র কোরআন অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত নুর মোহাম্মদ জানান, আগুনে তাদের সর্বস্ব পুড়ে গেছে। তিনি পরিবারটির পুনর্বাসনের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]