খুঁজুন
, ,

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিজারিয়ান অস্ত্রোপচারের পর মীম (১৯) নামে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে নাগেশ্বরী অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতির জন্য ক্লিনিকটির চিকিৎসাসেবাকে দায়ী করছেন নিহতের স্বজনরা। তাঁদের অভিযোগ, স্বাভাবিক প্রসবের পরিবর্তে ভয়ভীতি দেখিয়ে সিজার করানো হয়। পাশাপাশি অস্ত্রোপচারে ত্রুটির কারণেও জটিলতা তৈরি হয়েছিল বলে দাবি তাঁদের। তবে এসব অভিযোগের বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রংপুরের ডক্টর্স ক্লিনিক অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয়। এর আগে গত সোমবার (১২ অক্টোবর) তাঁকে নাগেশ্বরী অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

ক্লিনিকের রেজিস্টারে উল্লেখিত তথ্য অনুযায়ী, মীমের অস্ত্রোপচার করেন প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস রুমা। অ্যানেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. শবনম খাতুন। তাঁদের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনিকটির পরিচালক নুরুল ইসলাম (ডিএমএফ)।

নিহতের স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর মীমের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে তাঁদের আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু ওই রাত আড়াইটার দিকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মৃতের পরিবারের দাবি, রংপুরে পুনরায় অস্ত্রোপচারের সময় তাঁদের জানানো হয়, আগের অস্ত্রোপচারে প্লাসেন্টা বা গর্ভফুল-সংক্রান্ত সমস্যা ছিল। এর ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বেড়ে মীমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ ছাড়া গর্ভাশয়ে ময়লা ও গর্ভফুলের অংশ রেখে দেওয়া এবং সেলাইয়ে ত্রুটি থাকার অভিযোগও করেছেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মীমের স্বামী আল মামুন বাবু বলেন, “ভুল অস্ত্রোপচার ও চিকিৎসায় অবহেলার কারণে আমি আমার স্ত্রীকে হারিয়েছি বলে মনে করি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। অ্যাপোলো ক্লিনিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে নাগেশ্বরী অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শাহ আলম ও নুরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আলামিন জানান, বিষয়টি উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার দেখভালে রয়েছে। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

গোলাম রসুল রাজা বলেন, শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বিষয়টি সমাধানের জন্য বসার কথা রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবেন বলেও জানান তিনি।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সুজন সাহা বলেন, অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হওয়া উচিত। প্রসূতিকে ভর্তি করানোর আগে ক্লিনিকের সক্ষমতা যাচাই-বাছাই করাও জরুরি।

২ দিনের সফরে কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম…!

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
২ দিনের সফরে কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম…!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন শনিবার।

সফর সূচী অনুযায়ী , শনিবার ১৭ অক্টোবর সকালে ঢাকা থেকে আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রতিমন্ত্রী। এরপর সকাল ১১ টা নাগাদ নৌপথে মহেশখালীর সোনাদিয়ায় পৌঁছাবেন। সফরকালে প্রতিমন্ত্রী সোনাদিয়ায় বনায়ন কার্যক্রম ও প্রস্তাবিত কচ্ছপ হ্যাচারি স্থাপনের স্থান পরিদর্শন করবেন। এছাড়া তিনি ভিলেজ কনজারভেশন গ্রুপের প্রতিনিধিদের সাথে বিশেষ বৈঠকে মিলিত হবেন।

​পরদিন রবিবার ১৮ অক্টোবর সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রতিমন্ত্রী।

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

দেশে চাঁদাবাজির পরিস্থিতি তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়। নিজ এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও অনিয়ম বরদাশত করা হবে না। এমন ঘটনা ঘটলে সরাসরি রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দেশের বর্তমান চাঁদাবাজির পরিস্থিতি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গবাদিপশুকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হচ্ছে। চাঁদা না দিলে খামারের মাছের মধ্যে বিষ মেশানোর মতো জঘন্য ঘটনাও ঘটছে।

রাজনীতিতে স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সারের ডিলারশিপ কিংবা রাস্তার কাজের ঠিকাদারি দেওয়ার মতো কোনো আত্মীয় তাঁর নেই। কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে, এমন পরিস্থিতিও তিনি চান না।

দলীয় নেতা-কর্মীদের আচরণ সম্পর্কে সতর্ক করে এই সংসদ সদস্য বলেন, কোনো কর্মী ভোটারের সঙ্গে অসদাচরণ করলে কিংবা অনিয়মে জড়ালে নাম-পরিচয় গোপন রেখে তাঁকে লিখিতভাবে জানানো যাবে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে যথাযথ আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেও বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি নিয়ে প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বাজার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে ৮০ থেকে ৯০ টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। ঢাকা শহরে একটি ডিমের দাম ১৫ টাকায় পৌঁছেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন উচ্চমূল্যে সাধারণ ও নিম্নআয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দাউদকদন্দিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার

হোসাইন মোহাম্মদ দিদার
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
দাউদকদন্দিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার

আজ শুক্রবার(১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে শারদীয় দুর্গোৎসবের মহা ষষ্ঠী কার্যক্রম শুরু হয়েছে। এ পূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব।

শারদীয় দুর্গোৎসব ঘিরে এবার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ৪৭টি পূজা মন্ডপে পূজারীরা পূজা করবেন।

পূজা ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের বেশ উচ্ছসিত দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে এবার উপজেলা ও পৌরসভা মিলে ৪৭ টি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি রয়েছে।

এছাড়াও সরকার দলীয় (বিএনপি) তরফ থেকে সার্বক্ষণিক মনিটরিং করার জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দাউদকান্দি উপজেলার আহ্বায়ক মধু চন্দ্র সরকার জানান, কুমিল্লা-১ (দাউদকান্দি – মেঘনার) আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ভাই আমাদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এবারের পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।
পূজা মন্ডপগুলো নিরাপদ রাখতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের ব্যক্তিগত ভলান্টিয়ার রয়েছে।
আশাবাদী আমরা এবার নিরাপদে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারব।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, আমরা দাউদকান্দি উপজেলা ৪৭ টি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করেছি। মডেল থানা পুলিশের ৮টি টিম গঠন করা হয়েছে। আনসার ও গ্রাম পুলিশসহ তিন স্তরের নিরাপত্তা বলয় নিয়োজিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মনিটরিং করছেন। আশাবাদী এবার সবকয়টি পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এক বার্তায় দাউদকান্দি -মেঘনা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও তিনি পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা কমিটির ও উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

তিনি বলেন, দাউদকান্দি-মেঘনায় সনাতন ধর্মাবলম্বীদের পূজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা প্রদান করা হয়েছে। এছাড়াও বিএনপির পক্ষ থেকে উপজেলা ও পৌরসভা ভিত্তিক মনিটরিং সেল গঠন করা হয়েছে। আমি আশাবাদী পূজারীরা এবার সবচেয়ে নির্বিঘ্নে ও সাচ্ছন্দ্যে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবে।