খুঁজুন
, ,

দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, ইউএনওর পরিদর্শন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
দেবিদ্বারে ফ্যামিলি কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, ইউএনওর পরিদর্শন

কুমিল্লার দেবিদ্বারে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে।
​গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধুমুড়া গ্রামে ফ্যামিলি কার্ডের আবেদন ও তথ্য সংগ্রহের কথা বলে প্রথমে ৩০০ টাকা এবং কার্ড পাওয়ার পর আরও ২ হাজার টাকা করে নেওয়ার চুক্তি করা হয়। ইতিমধ্যে ৮-১০ জন নারীর কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ মিলেছে। ভুক্তভোগী সুমি বেগম ও স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও আব্দুল আউয়াল সরকার জানান, মহিউদ্দিন ছাত্রদল পরিচয়ে এই প্রতারণা চালাচ্ছেন। অভিযুক্ত মহিউদ্দিন টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও, ফ্যামিলি কার্ডের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়, টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।
​এদিকে ঘটনাটি জানার পর দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা সরেজমিন এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে এবং প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন প্রশাসনকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ময়মনসিংহে যুবদল নেতা হযরত আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
ময়মনসিংহে যুবদল নেতা হযরত আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

শুক্রবার, ৩০ অক্টোবর ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন নিশ্চিত করেছেন যে, দলীয় নীতি ও আদর্শের বিরোধী এবং নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে হযরত আলীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খানের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই সিদ্ধান্ত জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু দ্বারা কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত হযরত আলীর কোনো অপকর্মের দায়ভার দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ অনুসারে, ২০ অক্টোবর ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের এক নারীর বাড়িতে হযরত আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী বৃহস্পতিবার, ২৯ অক্টোবর রাত সাড়ে ১২টায় ফুলবাড়িয়া থানায় মামলা করেন, তবে শুক্রবার দুপুর পর্যন্ত হযরত আলীকে গ্রেপ্তার করা যায়নি।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানিয়েছেন যে, অভিযুক্ত ব্যক্তি পলাতক এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

বাঁধন হোসাইন পাবনা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ জন গুরুতর হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও অন্তত পাঁচ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ছয়জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।
‎
‎‎পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
‎

দাউদকান্দি নিসচা’র উদ্যোগে প্রয়াত জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

হোসাইন মোহাম্মদ দিদার:
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
দাউদকান্দি নিসচা’র উদ্যোগে প্রয়াত জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লার দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে প্রয়াত জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিসচা গৌরীপুর কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়ায় অংশ গ্রহণ করেন সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রাসেল আহমেদ, অর্থ সম্পাদক আহনাফ তিহামী, কার্যনির্বাহী সদস্য মো. ফয়সাল সিকদার, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো. কাওসার প্রমূখ।

মিলাদ মাহফিলে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সড়কযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা এবং তার স্ত্রী সড়ক দূর্ঘটনায় নিহত মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি সড়ক দূর্ঘটনায় আহত সকলের সুস্থতায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বাড়ানোর ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।