খুঁজুন
, ,

পাঁচ বছর পর আশুলিয়ার তৃতীয় লিঙ্গের বাদল হত্যা রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

মোঃ হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:১১ অপরাহ্ণ
পাঁচ বছর পর আশুলিয়ার তৃতীয় লিঙ্গের বাদল হত্যা রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু (৪০) হত্যাকাণ্ডের পাঁচ বছর পর রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ শাওন আহম্মেদ সুজন (২৮) নামে এক ব্যক্তিকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিবিআই জানায়, ২০২১ সালের ২৪ অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে আশুলিয়া থানাধীন এনায়েতপুর দক্ষিণপাড়ার আবু বকর সিদ্দিকের বাড়ির একটি ভাড়া কক্ষে বাদল মিয়া ওরফে জোসুকে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা মোঃ সিদ্দিকুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে আশুলিয়া থানা পুলিশ মামলাটি তদন্ত করে। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় এক বছর আট মাস তদন্ত শেষে সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। তবে আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই ঢাকা জেলাকে দেন। এরপর পিবিআইয়ের এসআই ফরহাদ মোল্লাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পিবিআইয়ের তদন্তে জানা যায়, নিহত বাদল মিয়া ওরফে জোসুর সঙ্গে মোঃ শাওন আহম্মেদ সুজনের পূর্বপরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সুজন ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানিতে চালক হিসেবে কর্মরত থাকার সময় বাদলের সঙ্গে তার পরিচয় হয়।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনার দিন এক তরুণীকে সঙ্গে নিয়ে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়ে বাদলের সঙ্গে সুজনের কথা হয়। বাদলের আমন্ত্রণে সুজন আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়ায় মোর্শেদের ভাড়া বাসায় যান। সেখানে গিয়ে ওই তরুণীকে না পেয়ে কারণ জানতে চাইলে বাদল নিজেই সুজনের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। সুজন এতে রাজি না হওয়ায় বাদল তার শার্টের পকেট থেকে ৩ হাজার টাকা নিয়ে নেন এবং আরও ৫ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন বলে তদন্তে উঠে এসেছে।

এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। তখন সুজন বাদলের ঘাড়ের বাম পাশে ঘুষি মারলে তিনি খাটের ওপর পড়ে যান। পরে সুজন গলায় গামছা পেঁচিয়ে এবং মুখে বালিশ চেপে ধরে বাদলকে হত্যা করেন বলে পিবিআইয়ের তদন্তে জানা গেছে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান তিনি।

পিবিআই জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে শাওন আহম্মেদ সুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ বলেন, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করে পিবিআই। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

দাউদকান্দির মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে কনিলের নেতৃত্বে মোটর শোভাযাত্রা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
দাউদকান্দির মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে কনিলের নেতৃত্বে মোটর শোভাযাত্রা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৯নং মোহাম্মদপুর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শিমুল আহমেদ কনিল।

তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম মজিবুর রহমানের সন্তান শিমুল আহমেদ কনিলের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ দেখা যায়। মোটর শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানান।

আয়োজকদের বক্তব্য, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মরহুম মজিবুর রহমান চেয়ারম্যান দীর্ঘদিন ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও জনসেবার স্মৃতি এখনো স্থানীয়দের কাছে আলোচিত।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্রত্যাশা, বাবার আদর্শ ও জনসেবার চেতনাকে ধারণ করে শিমুল আহমেদ কনিল ইউনিয়নের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।

মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা

ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের কবলে পড়ার পর ২ লাখ ১৭ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী হারিয়ে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পাওয়ার পর রাতেই তিনি ঢাকায় নিজের বাসায় ফেরেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মনিরুল হক ফরাজীর অভিযোগ, এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তবে এ বিষয়ে এখনো তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও চালক হাসানকে সঙ্গে নিয়ে বাগেরহাটের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে তাদের গাড়ির গতিরোধ করা হয়।

এ সময় লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি গাড়িটি ঘিরে ধরে। পরে গাড়ি থেকে নামিয়ে মনিরুল হক ফরাজীকে মারধর করা হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা অন্য দুজনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মনিরুলের দাবি, হামলাকারীরা তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখতে পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো নিয়ে যায় তারা।

পরে তাকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে নিয়ে ঘোরানো হয় এবং ছেড়ে দেওয়ার বিনিময়ে আরও টাকা দাবি করা হয়। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা পাঠানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

সব মিলিয়ে নগদ অর্থ ও মুক্তিপণ বাবদ ২ লাখ ১৭ হাজার টাকা এবং মূল্যবান সামগ্রী খোয়ানোর দাবি করেছেন এই বিএনপি নেতা। মুক্তি পাওয়ার পর বিভিন্ন যানবাহনে করে পথ পরিবর্তন করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় পৌঁছান তিনি।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বিএনপি নেতা মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়ার পর গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পরে তিনি ঢাকায় ফিরে এসেছেন বলে জানা গেছে। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাসজমি ব্যক্তিমালিকানা নামজারির অভিযোগে আলোচিত আরিফুল ভূরুঙ্গামারীর ইউএনও

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
খাসজমি ব্যক্তিমালিকানা নামজারির অভিযোগে আলোচিত আরিফুল ভূরুঙ্গামারীর ইউএনও

সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় নামজারি, ভূমিসেবায় অনিয়ম এবং সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে আলোচিত সাবেক ভূমি কর্মকর্তা আরিফুল হককে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে উল্লেখ আরিফুল হক (পরিচিতি নম্বর-১৮৯৬৫) বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা । তিনি এর আগে কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়া, ভূমিসেবায় দালালদের দৌরাত্ম্য এবং সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ ওঠে। এসব বিষয় নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

কুড়িগ্রাম সদর উপজেলার আরাজি পলাশবাড়ী মৌজায় সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এসএ ২০০১ ও ২০৭৪ দাগের সরকারি জমি ব্যক্তিমালিকানায় নামজারি করা হয়। এতে সরকারিভাবে বন্দোবস্ত পাওয়া গুচ্ছগ্রামের ভূমিহীন পরিবারগুলো বসতভিটা হারানোর আশঙ্কায় পড়েন।

এ ঘটনায় সরকারি জমি বেহাত হওয়ার আশঙ্কা এবং ভূমিহীনদের উচ্ছেদ-ঝুঁকির বিষয়টি আলোচনায় আসে। তবে অভিযোগের বিষয়ে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, আরএস রেকর্ড অনুযায়ী নামজারি করা হয়েছে এবং জেলা প্রশাসনের নির্দেশনাসংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি।

তাঁর দায়িত্ব পালনকালে উপজেলা ভূমি অফিস এবং সরকারি উদ্যোগে আয়োজিত ভূমিসেবা মেলায় দালালদের মাধ্যমে সেবা প্রদান ও অনৈতিক লেনদেনের অভিযোগও গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ ছাড়া সাংবাদিক পরিচয় দেওয়ার পর তাঁকে স্যার’ সম্বোধন না করে ভাই’ বলায় ক্ষুব্ধ হয়ে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে। এ ঘটনাও সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার সৃষ্টি হয়।

সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় নামজারি এবং ভূমিসেবায় অনিয়মের মতো গুরুতর অভিযোগে আলোচিত একজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ উপজেলা প্রশাসনের দায়িত্ব দেওয়ায় স্থানীয় সচেতন মহলে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে কোনো বিভাগীয় তদন্ত হয়েছে কি না এবং তদন্তের ফলাফল কী। সরকারি সম্পত্তি রক্ষা ও সাধারণ মানুষের ভূমিসেবা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে এসব অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত বা চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৭ মে অমৃত দেবনাথ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মাত্র ৬ মাসের মধ্যে ১০ নভেম্বর বদলী হন। বর্তমান নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।