মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা
ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের কবলে পড়ার পর ২ লাখ ১৭ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী হারিয়ে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পাওয়ার পর রাতেই তিনি ঢাকায় নিজের বাসায় ফেরেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মনিরুল হক ফরাজীর অভিযোগ, এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। তবে এ বিষয়ে এখনো তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেননি।
ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও চালক হাসানকে সঙ্গে নিয়ে বাগেরহাটের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে তাদের গাড়ির গতিরোধ করা হয়।
এ সময় লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি গাড়িটি ঘিরে ধরে। পরে গাড়ি থেকে নামিয়ে মনিরুল হক ফরাজীকে মারধর করা হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা অন্য দুজনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মনিরুলের দাবি, হামলাকারীরা তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখতে পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো নিয়ে যায় তারা।
পরে তাকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে নিয়ে ঘোরানো হয় এবং ছেড়ে দেওয়ার বিনিময়ে আরও টাকা দাবি করা হয়। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা পাঠানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
সব মিলিয়ে নগদ অর্থ ও মুক্তিপণ বাবদ ২ লাখ ১৭ হাজার টাকা এবং মূল্যবান সামগ্রী খোয়ানোর দাবি করেছেন এই বিএনপি নেতা। মুক্তি পাওয়ার পর বিভিন্ন যানবাহনে করে পথ পরিবর্তন করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় পৌঁছান তিনি।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বিএনপি নেতা মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়ার পর গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পরে তিনি ঢাকায় ফিরে এসেছেন বলে জানা গেছে। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]