ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার মধুখালী উপজেলার বাসিন্দা চার বছরের শিশুটি ঘরের মধ্যে ছিল। শিশুর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ২০২৪ সালের ১ অক্টোবর প্রতিবেশী আশরাফুল উকিল শিশুটির ঘরে ঢুকে তাকে যৌন নিপীড়ন করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে আশরাফুল পালিয়ে যায়। পরদিন এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।
২০২৫ সালের ১৭ জানুয়ারি আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য ও শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।
সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল নামের যুবককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]