আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকার আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক তিনটি অভিযানে চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে শামীম ওরফে এখলাছ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে সাভারের তালবাগ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে শহিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পরবর্তীতে মঙ্গলবার (২ জুন) ভোর ৪টা ১০ মিনিটে ধামরাইয়ের কালামপুর এলাকায় অভিযান চালিয়ে আছলাম হোসেন (২৩) ও বিল্লাল হোসেন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে মাদক কারবারের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এছাড়া গ্রেফতার শামীম ওরফে এখলাছের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]