ইলিশের প্রজননে ২২ দিনের বিরতি, মেঘনার তীরে উৎসবমুখর ঘাট
জাতীয় সম্পদ ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামী ৮ অক্টোবর। এ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে আইন অমান্য করে কেউ নদীতে মাছ শিকারে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।
এদিকে নিষেধাজ্ঞার আগে নদী থেকে তীরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। মেঘনাতীরবর্তী বিভিন্ন ঘাটে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কর্মহীন ২২ দিনের সময়কে কাজে লাগিয়ে মাছ ধরার ট্রলার ও নৌকা মেরামতের পাশাপাশি বাহারি রঙে সাজিয়ে তুলছেন জেলেরা।
ফলে মেঘনার তীরজুড়ে এখন দেখা মিলছে সারি সারি রঙিন নৌকার। কোথাও চলছে নৌকার কাঠামো মেরামত, কোথাও দেওয়া হচ্ছে নতুন রঙের প্রলেপ। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকলেও নৌকা মেরামত ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।
নিষেধাজ্ঞা সফল করতে উপকূলীয় এলাকায় জোরদার করা হয়েছে প্রচার-প্রচারণা। জেলেদের সচেতন করতে বিভিন্ন মৎস্যঘাটে উঠান বৈঠক, মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, জেলেদের সচেতন করতে উপজেলার প্রতিটি মৎস্যঘাটে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে কেউ নদীতে মাছ শিকারে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারের এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]