ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, যুবদলের দুই কর্মী গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে চাঁদা দাবির জেরে এক কৃষকের লিজকৃত জমি থেকে প্রায় ৫ লাখ টাকার গাজর লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. আশিস (৩০) ও মো. পলাশ (২৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা জেলা বিএনপির আহ্বায়ক ও সদ্য জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব–এর অনুসারী এবং যুবদলের কর্মী হিসেবে পরিচিত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কৃষক মো. শরিফুল ইসলাম বছরভিত্তিক চুক্তিতে সাড়ে তিন বিঘা জমি লিজ নিয়ে গাজর চাষ করেন। অভিযোগ রয়েছে, তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। প্রাণনাশের হুমকির মুখে তিনি প্রথমে ২৫ হাজার টাকা দেন। পরে অবশিষ্ট টাকা না দেওয়ায় ৩ ফেব্রুয়ারি ও ১৭ ফেব্রুয়ারি রাতে দুই দফায় তার জমি থেকে প্রায় ৬৫০ মণ গাজর লুট করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
ভুক্তভোগী কৃষক বলেন, ধারদেনা করে চাষ করা ফসল লুট হয়ে যাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]