কুমিল্লায় আদর্শ সদর উপজেলায় দুই অবৈধ ইটভাটা উচ্ছেদ, জরিমানা ২ লাখ টাকা।
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত দুইটি ইটভাটা উচ্ছেদসহ মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৬) জেলা ও উপজেলা প্রশাসন, আদর্শ সদর, কুমিল্লার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩), ১৮(২), ৫(২) ও ১৫(১) অনুযায়ী পরিচালিত অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় দুইটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়।
অভিযানকালে পাঁচথুবী এলাকায় অবস্থিত মেসার্স এইচ কে আলী ব্রিকস-এ মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়। একই সঙ্গে ভাটার কিলন (চুল্লি) ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
একই এলাকার মেসার্স নিউ সাকুরা ব্রিকস নামক ইটভাটায়ও অনুরূপ অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটার কিলন ভেঙে সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মাশিয়াত আকতার, সহকারী কমিশনার (ভূমি), আদর্শ সদর, কুমিল্লা এবং মো. সারোয়ার জাহান, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]