চাঁদপুরে লেকের ময়লা থেকে উদ্ধার ৩ বস্তা পবিত্র কোরআন শরীফ!
চাঁদপুর শহরের মিশন রোড এলাকার একটি লেকের ময়লা-আবর্জনার স্তূপ থেকে তিনটি বস্তাভর্তি পবিত্র কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে। আজ সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে পবিত্র কোরআন শরীফগুলো উদ্ধার করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মিশন রোড লেকের পাড়ে ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো দেখতে পায় স্থানীয় লোকজন। কৌতুহলী হয়ে বস্তাগুলো খুলে পবিত্র কোরআন শরীফ দেখতে পেয়ে তারা দ্রুত স্থানীয় প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অত্যন্ত সতর্কতার সাথে তিনটি বস্তাভর্তি পবিত্র কোরআন শরীফ উদ্ধার করেন।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফগুলো এভাবে লেকের ময়লার স্তূপে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত কোরআন শরীফগুলো যথাযথ ধর্মীয় মর্যাদায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে এবং প্রকৃত রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে প্রশাসন।
ঘটনাটি নাশকতা নাকি অজ্ঞতাপ্রসূত কোনো কাজ, তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]