ট্রাম্পের সিদ্ধান্তে কমল তেলের দাম, সাপ্তাহিক লোকসানে বিশ্ববাজার
ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। উত্তেজনা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিলতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছে।
শুক্রবার (১২ জুন) আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরুর পর থেকেই তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়। বাজার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রতি ব্যারেলে ১ ডলার ২১ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ ডলার ১৭ সেন্টে নেমে এসেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য নির্ধারিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ ডলার ২৩ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ কমে ৮৬ ডলার ৪৮ সেন্টে লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে তেলের বাজারে নেতিবাচক প্রবণতার কারণে প্রধান দুই মানদণ্ডই বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। পুরো সপ্তাহের হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে প্রায় ৪ দশমিক ২ শতাংশ। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের মূল্য হ্রাস পেয়েছে ৪ দশমিক ৪ শতাংশ।
বাজার বিশ্লেষকদের মতে, ওমান উপকূল ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যে তীব্র সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল, ট্রাম্পের হামলা বাতিলের ঘোষণায় সেই চাপ অনেকটাই কমেছে। ফলে জ্বালানি বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা হ্রাস পেয়েছে এবং এর ইতিবাচক প্রতিফলন দেখা গেছে তেলের দামে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]