ডামুড্যায় ছাত্রলীগ নেতার হামলায় আহত ৬ বিএনপি সমর্থক..!
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির ছয় সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শাওন ও মালেক খানের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি বিরোধ মীমাংসার কথা বলে শাওন তার বাড়িতে মালেক খানসহ কয়েকজনকে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
আহতরা হলেন— মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের একটি লাইভ ভিডিও দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ডামুড্যা থানার ওসি মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান।
ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন দেয় এবং রিফাত নামে আরেকজনের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]