তাহিরপুরে জলবায়ু সহনশীল মহিষ পালন বিষয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জলবায়ু সহনশীল মহিষ পালন বিষয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকার মহিষ পালনকারী ও খামারিদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে মহিষ পালন পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন কৌশল ও প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশীদ, এআই কর্মী ও কৃত্রিম প্রজনন প্রযুক্তিবিদ মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ মাঠ সহকারী হুমায়ুন কবির এবং অফিস সহকারী শুভাশিস তালুকদার শুভ। প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম বলেন, গ্রামীণ অর্থনীতি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মহিষ পালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে খামারিদের আধুনিক ও টেকসই পদ্ধতিতে মহিষ পালনে দক্ষ করে তুলতে হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাণিসম্পদ খাত নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। তাই খামারিদের আধুনিক ও জলবায়ু সহনশীল পদ্ধতিতে প্রশিক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ উৎপাদন বৃদ্ধি ও খামারিদের স্বাবলম্বী করতে সহায়ক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]