দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ বদরগঞ্জের ওয়ার্ড সভাপতির
ছবি: সংগৃহীত
রংপুরের বদরগঞ্জ উপজেলায় দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির এক স্থানীয় নেতা। ব্যতিক্রমী এই ঘটনার মাধ্যমে আলোচনায় এসেছেন মো. গোলাম রব্বানী, যিনি লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন তিনি। এরপর স্থানীয়দের উপস্থিতিতে বিএনপির সব ধরনের সাংগঠনিক পদ ও দলীয় সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন গোলাম রব্বানী।
পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, ইউনিয়ন পর্যায়ের কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে তাকে মানসিক চাপে রেখেছিল। এসব কারণে স্থানীয়দের নানা কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হচ্ছিল তাকে। এমনকি পরিবার থেকেও চাপের সম্মুখীন হচ্ছিলেন বলে দাবি করেন তিনি।
গোলাম রব্বানী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু দলের ভেতরের কিছু নেতার কর্মকাণ্ডের দায় তার ওপর এসে পড়ায় তিনি বিব্রত বোধ করছিলেন। বাধ্য হয়েই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, পদত্যাগের আগে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না— এমন প্রশ্নের জবাবে গোলাম রব্বানী বলেন, আপাতত কোনো সিদ্ধান্ত নেননি। তবে কোনো দলের আদর্শ ভালো লাগলে সেখানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের সরাসরি ভোটে লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যের কমিটি গঠিত হয়। ওই কমিটিতে গোলাম রব্বানী সভাপতি এবং আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন দাবি করেন, গোলাম রব্বানী মূলত বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]