ধরলা নদীর অবৈধ বালু পরিবহনে ৩ টলি চালকের ৭দিনের কারাদণ্ড
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে শ্যালো মেশিনচালিত ট্রলি চালক তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদী থেকে বালু উত্তোলন করে অবৈধভাবে পরিবহন ও বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও বালুভর্তি ট্রলিসহ তিনজন ট্রলি চালককে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার সমন্বয়পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৬)।
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ও ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]