প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: পালিয়ে ঢাকায়, শেষ রক্ষা হলো না ফরিদের
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১)-এর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরিদ (৪৫)-কে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর ও র্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে গত ৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগের ১০২/১-ক, আজাদ মিনি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার আব্দুল হাই ও রাজিয়া খাতুনের ছেলে।
র্যাব জানায়, গত ১ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন দরিয়ানগরের ফরিদের প্যারাসেইলিং এলাকায় প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে যায়। এতে অক্ষর সৌভিক রায় সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে র্যাব-১৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ নম্বর আসামি মো. ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছে বলে জানতে পারে র্যাব। পরে র্যাব-১৫ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]