ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে স্বতন্ত্র ইনস্টিটিউট বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্ত করে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একত্রিত হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খানের সভাপতিত্বে শিক্ষার্থীরা শহরের বায়তুল আমান রেলপথ ব্লকেড করার উদ্দেশ্যে প্রস্তুতি নেন।
এ সময় সম্ভাব্য জনদুর্ভোগ এড়াতে ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হাসান বিন মুহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড কর্মসূচি স্থগিত করেন।
পরবর্তীতে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
ইশতিয়াক ইসলাম
ফরিদপুর সদর,ফরিদপুর


আপনার মতামত লিখুন
[gs-fb-comments]