খুঁজুন
, ,

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ দেশের খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় খ্রিস্টান ধর্মের নেতারা তাদের শুভেচ্ছা বক্তব্যে বিশ্বজুড়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তার ভূমিকার কথা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তার শুভেচ্ছা বক্তব্যে যিশু খ্রিস্টকে সার্বজনীন উল্লেখ করে বলেন, যিশু খ্রিস্টের ক্ষমা ও মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষও এ বছর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বড়দিন উদযাপন করছে।

প্রধান উপদেষ্টাকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে জনগণ আপনার ওপর আস্থা রেখেছিল। আপনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করে চলেছেন। আমরা প্রার্থনা করি, একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আপনার প্রচেষ্টা সফল হবে।

প্রধান উপদেষ্টা উপস্থিত নেতারাসহ সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারাই সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখলে বুঝতে পারি, সবকিছু ঠিক আছে কি না।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই। সে জন্যই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদের ওপর গণভোটের মাধ্যমে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।

তিনি বলেন, এবারের নির্বাচনে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণ যে রায় দেবে, পরবর্তীতে সংসদ সেভাবেই সংস্কার কার্যক্রম গ্রহণ করবে।

প্রধান উপদেষ্টা এ সময় আসন্ন নির্বাচন ও গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে ধর্মীয় নেতৃবৃন্দকে ভূমিকা রাখার আহ্বান জানান।

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান ট্রাস্টের নেতারা। দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এ অনুদান বিতরণ করা হচ্ছে বলে জানান তারা।

পরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা।

সরকারে থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচার, বিতর্কের কেন্দ্রে এনআরবি কর্মকর্তা মাহমুদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
সরকারে থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচার, বিতর্কের কেন্দ্রে এনআরবি কর্মকর্তা মাহমুদ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা (Assistant Revenue Officer) মাহমুদ আল হোসাইনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও প্রচারণায় অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে নানা আলোচনা চলছে।

 

অভিযোগ রয়েছে, মাহমুদ আল হোসাইন ২০১৮ সালের ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিতে যোগদানের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতি তার ঘনিষ্ঠতা ও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। একই সঙ্গে প্রতিপক্ষকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

সম্প্রতি তার ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও শেয়ারের বিষয় সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পোস্ট শেয়ারসহ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার মতো কর্মকাণ্ড তার ফেসবুক কার্যক্রমে দেখা যায়।

 

এ ছাড়া বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জুলাই-আগস্টের আন্দোলনের নেতাদের নিয়েও তার বিভিন্ন ব্যঙ্গাত্মক ও সমালোচনামূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েও তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণা ছড়ানোর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।

 

শুধু রাজনৈতিক বক্তব্য নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নারীকে নিয়ে আপত্তিকর ও চরিত্রহননমূলক মন্তব্য করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী ও সংগঠনটির নেত্রী ফাতেমা তাসনীম জুমাকে নিয়ে তার করা কিছু পোস্ট নিয়েও সমালোচনা দেখা দিয়েছে।

 

সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে **সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫**-এ বিধিনিষেধ রয়েছে। সরকারি চাকরিতে থাকা ব্যক্তিদের রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার ক্ষেত্রে এসব বিধি প্রযোজ্য। ফলে একজন সরকারি কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচার-প্রচারণা কিংবা কোনো রাজনৈতিক পক্ষের প্রকাশ্য সমর্থন বা বিরোধিতা বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আসে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির রাজনৈতিক কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার বিষয়ে নতুন করে নানা আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে এনবিআরের একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ ওঠায় বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অনেকে।

 

অভিযোগকারীদের প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে মাহমুদ আল হোসাইনের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড সরকারি কর্মচারীদের আচরণবিধির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো কতটা সত্য—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।

 

এ বিষয়ে মাহমুদ আল হোসাইনের বক্তব্যর জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ব্যবহিত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

শ্রমিকলীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ বিএনপি নেতা ওয়াদুদসহ বহিষ্কৃত শাহিন শিকদারের বিরুদ্ধে

ডেস্ক নিউজ:
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
শ্রমিকলীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ বিএনপি নেতা ওয়াদুদসহ বহিষ্কৃত শাহিন শিকদারের বিরুদ্ধে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় শ্রমিক লীগের নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার পর থানা হাজত থেকে দলবদ্ধভাবে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওয়াদুদ ও দল থেকে বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদারসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের ভূমিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা নিয়ে প্রশ্ন উঠেছে। আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার প্রতিবাদে পরে থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের অপর একটি অংশের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ভূরুঙ্গামারী গরুর হাটে মো. আসিফ হোসেন নামে এক ব্যক্তির শার্টের কলার ধরে কিল-ঘুষি মারার অভিযোগ ওঠে জাতীয় শ্রমিক লীগের নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে। এ সময় সেখানে উত্তেজনার সৃষ্টি হলে উপস্থিত লোকজন ও বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী তাঁকে আটক করেন। পরে তাঁকে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের পর যুবদলের সাবেক নেতা মো. আনিচুর রহমান লেবু অভিযোগ করেন, নজরুল ইসলাম ২০১৭ সালের জাতীয় শ্রমিক লীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখার কমিটির নেতা। তাঁর বিরুদ্ধে গত ২৯ আগস্ট চাঁদাবাজির অভিযোগে আশরাফুল নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ নম্বর ১৬০৮/২৯/০৮/২০২৬। ওই অভিযোগে নজরুল ইসলামকে দ্বিতীয় অভিযুক্ত করা হয়েছে। তবে প্রভাব খাটিয়ে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

নজরুল ইসলামকে আটকের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সজিবুল হাসান সোহেল, যুবদল নেতা আনিচুর রহমান লেবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলামকে থানায় নেওয়ার আগে থেকেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ থানায় উপস্থিত ছিলেন না। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে হাজতে রাখে। এর প্রায় ৩০ মিনিট পর বিএনপির বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওয়াদুদ ও কাঠ মানিকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী থানায় প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, এ সময় তাঁরা থানার ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধভাবে হাজত থেকে নজরুল ইসলামকে ছাড়িয়ে নিয়ে যান। তবে কী প্রক্রিয়ায় এবং কার অনুমতিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি পুলিশ।

এ ঘটনায় আরও অভিযোগ উঠেছে, বিএনপির বহিষ্কৃত নেতা ফরিদুল হক শাহিন শিকদার সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসীর মামুন মুনের সঙ্গে কথা বলেন। পরে তাঁর নির্দেশনাতেই নজরুল ইসলামকে হাজত থেকে ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে এ অভিযোগের বিষয়ে এএসপির বক্তব্য জানতে চাইলে তিনি কোনো প্রকার মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

নজরুল ইসলামকে হাজত থেকে ছাড়িয়ে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপির অপর একটি অংশের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. সজিবুল হাসান সোহেল, সাবেক বিএনপি নেতা মো. মামুন ব্যাপারী ও যুবদল নেতা আনিচুর রহমান লেবু। তাঁদের সঙ্গে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভকারীদের প্রশ্ন, পুলিশের কাছে সোপর্দ করা একজন আটক ব্যক্তিকে কীভাবে থানা হাজত থেকে ছাড়িয়ে নেওয়া হলো? কার নির্দেশনা বা অনুমতিতে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে? তাঁরা ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভূরুঙ্গামারী উপজেলা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, “যে ব্যক্তিকে বিএনপির কর্মী দাবি করে থানা থেকে মব সৃষ্টি করে ছাড়িয়ে নেওয়া হয়েছে, তাকে ২৪-এর গণআন্দোলনের আগে কোনো কর্মসূচিতে দেখি নাই।”

তবে ভূরুঙ্গামারী থানার একাধিক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দুই গ্রুপের দলাদলির কারণে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারছি না। গ্রেপ্তার করলেই তাদেরকে ছাড়িয়ে নিতে শুরু হয় তদবির বাণিজ্য। এ অবস্থায় চলতে পারে না। এতে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

বিএনপির বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদারকে একাধিকবার ফোন দিলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “আটক নজরুল ইসলাম শ্রমিক লীগের নেতা নন। তিনি মূলত শ্রমিক ইউনিয়নের নেতা। তাছাড়া তাঁকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়নি। একই নাম হওয়ায় ভুল বোঝাবুঝি হয়েছে।”

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ অভিযোগ করেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন।

আবু হানিফ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে ফজলুর রহমান আজ সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি বিভিন্ন সময়ে এই গণঅভ্যুত্থানের বিরোধিতা করছেন। ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই কথায় আছে, ‘ওয়ান্স অ্যান আওয়ামী লীগ, অলওয়েজ অ্যান আওয়ামী লীগ।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়েও সমালোচনা করেন আবু হানিফ। তাঁর দাবি, বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার পর সংসদে গিয়ে রুমিন ফারহানা সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে তিনি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকা পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

আবু হানিফ অভিযোগ করেন, গত কয়েক দিনে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ জানাননি।

সবশেষে তিনি দাবি করেন, দুই সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ডে মনে হচ্ছে, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।