বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা
চীনের দালিয়ান সফর শেষে হাইস্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বেইজিং পৌঁছানোর পর চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী এবং সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে বেইজিংয়ের উদ্দেশে হাইস্পিড বুলেট ট্রেনে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনিসহ অন্যান্য কর্মকর্তারা।
বেইজিংয়ে যাওয়ার আগে সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফরই তার প্রথম বিদেশ সফর।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]