মায়ের নামে বিদ্যালয়ের নামকরণে নতুন বিতর্ক, নাম পরিবর্তনের আবেদন করলেন বিএনপি এমপি সেলিম রেজা হাবিব
পরিবারের সদস্যদের নামে সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মায়ের নামে করার উদ্যোগ নতুন আলোচনা তৈরি করেছে। পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের আবেদনের পর বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত ওই চিঠি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাবনার বেড়া উপজেলার ‘ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে আবেদন করেছেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)-এর অনুচ্ছেদ ১৪.৫ অনুযায়ী প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করতে হবে। পরিদর্শন শেষে সুস্পষ্ট মতামত, যৌক্তিকতা এবং প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
তবে প্রশাসনিক নথিপত্র বলছে, বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন নাম ছিল ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’। পরে শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ ফেব্রুয়ারি ২০১০ সালের এক আদেশে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখা হয়।
এদিকে, একই সময়ে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তার দুই ছেলের নামে তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সেই প্রেক্ষাপটে পাবনার বিদ্যালয়ের নাম পরিবর্তনের এই উদ্যোগও নতুন করে জনমনে প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]