মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, যুবলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ
রাজধানীর পল্লবী থানার মিরপুর-১১ এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর (৫৫) নামে বিএনপির এক কর্মী আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত আলমগীর পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি ঢাকা নবাবগঞ্জ থানা বিএনপির একজন কর্মী বলে তার স্বজনরা জানিয়েছেন। তিনি মিরপুর-১ এলাকার ব্লক-বি, ৩ নম্বর সড়কের ১৭ নম্বর বাসায় বসবাস করেন।
আলমগীরের চাচা আশিক জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের রোড-২, ব্লক-বি এলাকার একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন আলমগীর। এ সময় স্থানীয় যুবলীগ নেতা রুবেল, বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, গুলিতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান নিতম্বে আঘাত লাগে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজন ব্যক্তিকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও এখনও হামলার কারণ বা অভিযুক্তদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]