মোংলায় নিখোঁজের এক দিন পর জেলে মেহেদীর মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোংলায় পশুর নদে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর মেহেদী হাসান (২২) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারসংলগ্ন গোবিন্দপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. শফিউল শেখের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে মোংলার সিন্দুরতলা খালসংলগ্ন পশুর নদে এ দুর্ঘটনা ঘটে। সুন্দরবনের দুবলার চরে শুঁটকি আহরণ মৌসুমে কাজ করতে যাওয়ার পথে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুঁটকি আহরণের উদ্দেশ্যে দুবলার চরের দিকে যাওয়ার জন্য পশুর নদে ২০ থেকে ২৫টি মাছ ধরার ট্রলারের একটি বহর নোঙর করে অবস্থান করছিল। বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে ট্রলারগুলো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মেহেদী ট্রলার থেকে উঠে পাশে দাঁড়ালে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান। পরে নদীর স্রোতে তিনি তলিয়ে যান।
ঘটনার পরপরই সহকর্মী জেলেরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং বন বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়েও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতের অন্ধকারে অভিযান স্থগিত করা হয়।
শুক্রবার সকালে আবারও উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মেহেদীর নিখোঁজের ঘটনায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার তাগিদে শুঁটকি আহরণ মৌসুমে কাজ করতে যাওয়ার পথেই তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]