বাবুরহাট-মতলব সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আশঙ্কাজনক ৩
চাঁদপুরের বাবুরহাট-মতলব সড়কে জৈনপুর পরিবহন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন (৪৮) নামের এক সিএনজিযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বাবুরহাট-মতলব সড়কের রালদিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন যাত্রী নিয়ে একটি সিএনজি (চাঁদপুর-থ-৩২০৪) বাবুরহাট থেকে মতলবের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রালদিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে বাবুরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (৯৭৮১) সিএনজিটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সিএনজিটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান ।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি ও অবনতিশীল আশঙ্কাজনক পরিস্থিতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিনটি আলাদা অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত ব্যক্তিরা হলেন—রায়হান (৩০): সিএনজিচালক, পিতা- দুলাল মিয়া, গ্রাম: ঢাকিরগাঁও (মতলব পৌরসভা)।
জানে আলম (শাহ আলম, ৪২):যাত্রী, পিতা- ডেঙ্গু বন্দুকসী, গ্রাম: উত্তর বাইশপুর (মতলব পৌরসভা)।
কবির (৪০): যাত্রী ও জানে আলমের ছোট ভাই, পিতা- ডেঙ্গু বন্দুকসী, গ্রাম: উত্তর বাইশপুর (মতলব পৌরসভা)।
আহত কবির ও জানে আলমের পরিবারের লোকজন জানান, তারা পুকুরের জন্য মাছের পোনা নিয়ে সিএনজিতে করে মতলবে আসছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সিএনজিচালক রায়হানের মামা রফিক সরকার জানান, তার ভাগিনা অন্যের সিএনজি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করত। এই আকস্মিক দুর্ঘটনায় তার চিকিৎসা খরচ বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জৈনপুর পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে সিএনজিটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ জানিয়েছে, বাসটির সন্ধান পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]