রাজশাহীতে রাস্তার কাজে চাঁদা চাইতে গিয়ে বিএনপি কর্মী পিটুনির শিকার
রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় রাস্তার নির্মাণকাজে চাঁদা দাবি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক বিএনপি কর্মী। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পিটুনির শিকার বিএনপি কর্মীর নাম আতাবুর রহমান। তিনি নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লার বাসিন্দা এবং নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওহাটা কলেজ মোড় এলাকায় একটি রাস্তার কাজ চলছিল। ওই কাজের মাটি কাটার দায়িত্বে থাকা যুবদলকর্মী আজাদ আলীর কাছে আতাবুর রহমান চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন আতাবুর রহমানকে মারধর করেন।
আজাদ আলীর অভিযোগ, পরে তিনি ও তার ব্যবসায়িক অংশীদার পবা থানায় গেলে আতাবুর রহমান তার লোকজন নিয়ে থানার সামনেই তাদের মারধর করেন। তবে পুলিশ উভয় পক্ষকে মীমাংসার পরামর্শ দেয় বলে তিনি জানান।
নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আতাবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে এবং দলীয় পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, মারামারির ঘটনা ঘটেছে, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]