খুঁজুন
, ,

লক্ষ্মীপুর রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে প্রার্থী হওয়ার চেষ্টা করবেন না : আবুল খায়ের ভূঁইয়া, সংসদ সদস্য লক্ষীপুর ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
লক্ষ্মীপুর রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে প্রার্থী হওয়ার চেষ্টা করবেন না : আবুল খায়ের ভূঁইয়া, সংসদ সদস্য লক্ষীপুর ২

শনিবার (৩ অক্টোবর) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশীদের সাথে সাক্ষাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে আমাদের নেতা তারেক রহমানের ভিশন বাস্তবায়নে আমাদের মধ্যে কঠিন ঐক্য রাখতে হবে। ঐক্য না থাকলে আমরা ভেঙে যাব। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।’

তিনি বলেন, ‘আপনাদের মধ্যে অনেকে দীর্ঘদিন সমাজ ও এলাকার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেকে নিজের অর্থ ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন । যারা দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন ।

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

শেখ মোরশেদ আলম জিসান গাছা- গাজীপুর
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর নগরের ৩২ নম্বর ওয়ার্ডের ডেকেরচালা ফকির মার্কেট এলাকায় ‘মেট্রিক্স’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিটের প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা, কারখানা শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তার জন্য ছাদে নিয়ে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মোট নয়টি ইউনিটের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ভেতরে আটকে পড়া ৬৯ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তবে এ ঘটনায় কোনো শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অতিরিক্ত ধোঁয়ার কারণে কয়েকজন শ্রমিকের শ্বাসকষ্ট দেখা দেয় বলে জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক সালেউদ্দিন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পান। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করা হয়। মোট নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, কারখানার ভেতরে আটকে পড়া ৬৯ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো শ্রমিক আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসকষ্ট হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে যাওয়ার সড়কটি খারাপ থাকায় তাদের কিছুটা সময় বেশি লেগেছে। পাশাপাশি পানির সংকটের কারণেও আগুন নিয়ন্ত্রণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়।

কারখানার শ্রমিক ও কর্মকর্তারা জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা দায়িত্বশীলতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুন লাগার প্রকৃত কারণ বা সূত্রপাতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বিষয়টি পর্যালোচনা করে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

মহালয়া সামনে রেখে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি; বাঁশ-কাঠ-খড়-মাটির কাঠামো পেরিয়ে চলছে রং-তুলির অপেক্ষা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে উপকূলীয় বাগেরহাটের মোংলায় মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত কাজ করছেন মৃৎশিল্পীরা। বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমার অবয়ব তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

মোংলা উপজেলার ছোট-বড় ৩৫টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। উৎসব যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মণ্ডপ ও কারিগরদের ব্যস্ততা। প্রায় এক মাস আগে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ এখন শেষ ধাপে। কোথাও মাটির প্রলেপ শুকানো হচ্ছে, কোথাও চলছে সূক্ষ্ম কারুকাজ। এরপরই শুরু হবে রং ও তুলির কাজ।

মোংলা পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নে এবার ৩৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর এলাকায় চারটি, চাঁদপাই ইউনিয়নে চারটি, বুড়িরডাঙ্গায় ১০টি, সোনাইলতলায় চারটি, মিঠাখালীতে পাঁচটি, সুন্দরবন ইউনিয়নে দুটি এবং চিলায় ছয়টি মণ্ডপ রয়েছে।

বিভিন্ন মণ্ডপ ও প্রতিমাশিল্পীদের কর্মশালা ঘুরে দেখা গেছে, প্রতিমার কাঠামো তৈরির পর মাটি দিয়ে অবয়ব ফুটিয়ে তোলা হচ্ছে। শিল্পীরা বলছেন, বৃষ্টির কারণে কখনো কখনো মাটি শুকাতে সমস্যা হলেও এখন রোদ ওঠায় কাজ দ্রুত এগিয়ে নেওয়া যাচ্ছে।

একজন প্রতিমাশিল্পী বলেন, বাঁশ, কাঠ, সুতলি ও এঁটেল মাটির দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। প্রায় ৪০ হাজার টাকা দামের একটি প্রতিমা তৈরিতেই ৩০ হাজার টাকার বেশি খরচ হয়ে যায়। ফলে আগের তুলনায় লাভ কমে গেছে।

মৃৎশিল্পীদের ব্যস্ততার পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটিগুলোও মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও নিরাপত্তাসহ অন্যান্য প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। উপকূলীয় এই জনপদে দুর্গোৎসবকে ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মোংলা উপজেলা শাখার আহ্বায়ক গোপাল কৃষ্ণ (কালু) বলেন, শারদীয় দুর্গোৎসব সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রতিমা তৈরি থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে চলছে। ভক্তদের অংশগ্রহণে এবারও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালিত হবে বলে আশা করেন তিনি।

এদিকে, আগামী ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিক আবহ। এরপর ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল পূজা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে।

ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিনে দাউদকান্দিতে আলোচনা সভা ও দোয়া

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিনে দাউদকান্দিতে আলোচনা সভা ও দোয়া

দেশবরেণ্য রাজনীতিবিদ, বর্ষীয়ান জননেতা এবং ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রধান পৃষ্ঠপোষক ও দাতা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় দাউদকান্দি উপজেলা বিএনপির গৌরীপুরের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম।

এ সময় দাউদকান্দি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।