সংস্কারের জন্য জীবন গেলেও পিছপা হবো না : হাসনাত আব্দুল্লাহ
এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা আমাদের হত্যা করতে চেয়েছিল তারা এখনো আমাদের খুন করতে চায়। তবে বাংলাদেশের রাজনীতি বদলে দিতে যে সংস্কারের দাবি আমরা তুলেছি, জীবন গেলেও সেখান থেকে পিছপা হবো না।
বুধবার বিকেলে গণতান্ত্রিক সংস্কার জোটের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফেনীতে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা শহীদ ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে এবং তার নামটিও ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তাদের এই প্রজন্ম প্রত্যাখ্যান করবে। তিনি অভিযোগ করে বলেন, নিয়ন্ত্রিত লটারির মাধ্যমে যাদের ডিসি-এসপি বানানো হয়েছে, তাদের অনেকেই এখন একটি বিশেষ দলের পা চাটায় ব্যস্ত। কোনো দলের দালালি করলে বেনজির-হারুনদের মতো পালিয়ে যেতে হবে বলেও সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, এখনো হাদী হত্যাকাণ্ডের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা একটি অশনি সংকেত। প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ না করে, তাহলে আবারও তরুণ প্রজন্মের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যৌথভাবে সঞ্চালনা করেন এনসিপি ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক ও এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক।
শোক ও সংহতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক সংস্কার জোটের অন্যতম শীর্ষ নেতা ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমদ ভুঁইয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, এনসিপি ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদলসহ গণতান্ত্রিক সংস্কার জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]