খুঁজুন
, ,

পাবনার, চাটমোহরে দাখিল মাদ্রাসায় ৪ টি পদে নিয়োগে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

মোঃ জুয়েল রানা নয়ন।পাবনা
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ
পাবনার, চাটমোহরে দাখিল মাদ্রাসায় ৪ টি পদে নিয়োগে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলার জগতলা সিদ্দিকীয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় নিয়োগ কার্যক্রমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মাদ্রাসার সভাপতি বুলবুল আহমেদ ও সুপার আবুল হোসেন যোগসাজশে স্বজনপ্রীতির মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকার বিনিময়ে নিজেদের আত্মীয়-স্বজনকে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ করেছেন একজন চাকুরী প্রার্থী।

তাদের নিয়োগের সুপারিশ বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থী রাকিবুল ইসলাম।

লিখিত অভিযোগে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর’২৫ তারিখে চারটি পদে পুন:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পদগুলো হলো, একজন অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর, একজন ল্যাব সহকারি, একজন নিরাপত্তা কর্মী ও একজন আয়া। তার মধ্যে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করেন ভুক্তভোগী জগতলা গ্রামের মৃত আবুল মাসুদের ছেলে রাকিবুল ইসলাম। প্রথম দফায় গত ৮ নভেম্বর পরীক্ষার জন্য প্রবেশপত্র পান তিনি। যথারীতি মাদ্রাসায় উপস্থিত হলেও সেদিন সভাপতি বা সুপার কেউ মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। পরে তিনি জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এরপর দ্বিতীয় দফায় ১২ ডিসেম্বর পরীক্ষার জন্য প্রবেশপত্র পান এবং যথারীতি পরীক্ষায় অংশগ্রহণ করেন রাকিবুল ইসলাম। কিন্তু পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন সভাপতি বুলবুল আহমেদ তার আপন ফুপাতো ভাই তারেক মাহমুদ ও আপন চাচাতো বোন রাবেয়া খাতুনকে নিয়োগ দিতে আগে থেকেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছেন। আগের রাতেই তাদের প্রশ্ন সরবরাহ করে লোক দেখানো নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

অভিযোগ, মাদ্রাসার সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বুলবুল আহমেদ ও অত্র মাদ্রাসার সুপার আবুল হোসেন নিজেরা যোগসাজস করে অর্ধকোটি টাকার বাণিজ্য করে চারটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছেন। সভাপতি বুলবুল আহমেদ তার আপন ফুপাতো ভাই তারেক মাহমুদ কে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে এবং আপন চাচাতো বোন রাবেয়া খাতুনকে আয়া পদে পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে নিয়োগে সুপারিশ করেছেন।

অন্যদিকে সুপার আবুল হোসেন মোটা অংকের টাকায় তার পরিচিত আলমগীর হোসেন নামের একজনকে ল্যাব সহকারি পদে এবং স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ও সাবেক মেম্বার আনোয়ার হোসেনের ভাতিজা নয়ন হোসেনকে নিরাপত্তা কর্মী পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী রাকিবুল ইসলামের দাবি, নিয়ম অনুযায়ী সভাপতির নিকট আত্মীয় প্রার্থী থাকলে তিনি নিয়োগ বোর্ডের সভাপতি থাকতে পারবেন না। অথচ মাদ্রাসার সভাপতি বুলবুল আহমেদ তার আপন ফুপাতো ভাই ও চাচাতো বোনকে নিয়োগ দিতে নিজেই নিয়োগ বোর্ডের সভাপতি হন। অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে তারেক মাহমুদ নির্ধারিত সময়ে আবেদন না করলেও সভাপতি ও সুপার পরে আবেদন দেখিয়ে এবং ভুয়া ব্যাংক ড্রাফট এর মাধ্যমে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছেন। এসব অনিয়ম দুর্নীতি তদন্ত করে নিয়োগের সুপারিশ বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষার দাবি জানান ভুক্তভোগী রাকিবুল ইসলাম।

এ বিষয়ে মাদ্রাসার সুপার আবুল হোসেন বলেন, ‘যারা নিয়োগে হতে পারে না, তারা এমন অভিযোগ করে। অভিযোগ যে কেউ দিতেই পারে। কিন্তু সেটা তো যাচাই বাছাই করতে হবে কোনটা সত্য, কোনটা মিথ্যা। টাকার লেনদেন কারো সাথে হয়নি। আমি এসবের সাথে জড়িত নই।’

মাদ্রাসার সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বুলবুল আহমেদ বলেন, ‘নিয়োগ পরীক্ষা নিয়েছেন ঢাকা থেকে আসা ডিডি’র প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ তাদের নির্ধারিত আরো দু’জন। এখানে আমাদের কোনো হাত ছিল না। আর ফুপাতো ভাই ও চাচাতো বোন নিয়োগ পেলেও তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। যেসব অভিযোগ আনা হয়েছে তার ভিত্তি নেই।’

চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম বলেন, ‘নিয়োগের আগে যাছাই বাছাই মাদ্রাসা কর্তৃপক্ষ তারাই করেছে। তাদের মধ্যে কারো কেউ আত্মীয় স্বজন আছে কি না সেটা আমার জানা নাই। পরীক্ষা শেষে ফলাফল দেয়া হয়েছে। এর বাইরে আমি কিছু জানি না।’

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই বাছাই সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান বলেন, ওখানে নিয়োগের বিষয়ে আমাদের নিকট একটি অভিযোগ এসেছে। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশ প্রদান করা হচ্ছে।

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: লায়ন খোরশেদ আলম

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: লায়ন খোরশেদ আলম

সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মোটরসাইকেল র‍্যালি করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে বুধবার (১৮ নভেম্বর) রাতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাভারের বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি সাভার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত। দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও অন্যায়, অনিয়ম ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা শুধু রাজনৈতিক দলের নয়, সবার দায়িত্ব। তাই যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

খোরশেদ আলম বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল। জনগণের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখব।

প্রতিবাদ সভা শেষে অনুষ্ঠিত মোটরসাইকেল র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। র‍্যালিটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। র‍্যালি চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

 

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পেকুয়ায় দালালসহ ১০ জন আটক

টেকনাফগামী মাইক্রোবাসে পুলিশের চেকপোস্টে অভিযান, জনপ্রতি ৭০ হাজার টাকায় মালয়েশিয়া পাঠানোর চুক্তি

অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় এক দালালসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় যাত্রী বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আমির হোসেন (৩০), পিতা মাহমুদ আলী, দক্ষিণ শুকলালপাড়া (দালাল); মোহাম্মদ হোসেন (২৫), পিতা নুরুল মোস্তাফা; হুমায়ুন কবির (২৪), পিতা মামুনুর রশিদ; রহিম উদ্দিন (৩০), পিতা আরকান শরিফ; মো. আজম নুর (৩০), পিতা মো. নুরুল কাদের; মো. মিজান (৩০), পিতা নুরুন নবী; আবুল কাশেম (৩০), পিতা মৃত শফির আহমদ, ছনুয়া ইউনিয়ন, বাঁশখালী উপজেলা। এ ছাড়া মাইক্রোবাসের চালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫) রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফের দিকে রওনা হন। তাদের বহনকারী মাইক্রোবাসটি পেকুয়া চৌমুহনী এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে। এ সময় গাড়িতে থাকা ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আমির হোসেন নামে এক ব্যক্তি দালাল হিসেবে কাজ করছিলেন। জনপ্রতি ৭০ হাজার টাকা চুক্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথে পেকুয়া চৌমুহনী এলাকায় পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন সংগঠক বা দালাল রয়েছেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২

বাঁ থেকে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় বটতলা মোড়ে শোডাউন কর্মসূচিতে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ঘটায় দুইজন নিহত এবং বহু আহত হয়েছেন।

হত্যার শিকার হলেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ, বয়স ৪০, এবং যুবদলকর্মী সোহেল মোল্লা, বয়স ৪৫।

পুলিশ ও স্থানীয় সূত্রের মতে, শোডাউন ও বিক্ষোভের অংশ হিসেবে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন চালাচ্ছিলেন। তাদের বহর বটতলা মোড়ে পৌঁছালে অপরিচিত আক্রমণকারীরা হঠাৎ আক্রমণ চালায়, ফলে শাহিনুর ও সোহেল গুরুতর আহত হন।

স্থানীয় মানুষ দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেষ পর্যন্ত হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলি এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, জড়িত ব্যক্তিদের ওপর তদন্ত চলছে। প্রাথমিক ধারণা অনুসারে, নিষিদ্ধ সংগঠন ও তার সহযোগী গোষ্ঠীর সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।