খুঁজুন
, ,

পেকুয়া থানায় ইউএনওর অভিযানে বিচারপ্রার্থী মা-মেয়েকে এক মাসের সাজা, ক্ষুব্ধ এলাকায় প্রতিবাদ:

স্টাফ রিপোর্টার: পেকুয়া (কক্সবাজার)
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
পেকুয়া থানায় ইউএনওর অভিযানে বিচারপ্রার্থী মা-মেয়েকে এক মাসের সাজা, ক্ষুব্ধ এলাকায় প্রতিবাদ:

কক্সবাজার পেকুয়া থানার এসআই পল্লবের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তুলে প্রতিবাদ জানানোয় কলেজছাত্রী জুবাইদা ও তার মা মারধরের শিকার হন। কিন্তু আশ্চর্যজনকভাবে, জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে মা-মেয়েকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

জুবাইদার খালা আমেনা মুন্নী সংবাদ মাধ্যমে বলেন, “আমরা শুধু পুলিশের দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কিন্তু ইউএনও আমাদের বিচারপ্রার্থী হিসেবে এক মাসের সাজা দেন। এটি আমাদের জন্য এক অমীমাংসিত অন্যায়।”

স্থানীয়রা বলছেন, এই ধরনের দমনমূলক পদক্ষেপ এলাকার সাধারণ মানুষকে প্রশাসনের প্রতি আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছে। কিছু বিশ্লেষক মনে করেন, এটি প্রশাসনের একটি ভয় দেখানোর কৌশল, যাতে কেউ পুলিশি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস না পায়।

পেকুয়া থানার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে এলাকার মানুষ ইউএনওর এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে মানবাধিকার সংস্থা ও স্থানীয় গণতান্ত্রিক সংগঠনের সহায়তা চাচ্ছেন।

“আমাদের কেবল সৎ প্রশাসনের আশা ছিল, দমন নয়।” – একজন স্থানীয় বাসিন্দা।

“আমাদের মেয়ে ও মা অন্যায়ভাবে দণ্ডিত হয়েছেন, এটি প্রশাসনের প্রতি আমাদের আস্থা কমাচ্ছে।” – পরিবার সূত্র।

পেকুয়া থানায় প্রশাসনের এই আচরণ স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিতর্ক সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, সরকারি কর্মকর্তাদের দায়িত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন পদক্ষেপ জনগণের সঙ্গে সরকারের সম্পর্কের জন্য ক্ষতিকর।

দেবিদ্বারে মাদ্রাসার সুপারকে পিটিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
দেবিদ্বারে মাদ্রাসার সুপারকে পিটিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

প্রবাসে পাঠানোর জন্য আত্মীয়স্বজনের কাছ থেকে সংগ্রহ করা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার; হাসপাতালে ভর্তি।

কুমিল্লার দেবিদ্বারে এক মাদ্রাসার সুপারকে রাস্তায় অতর্কিত হামলা করে মারধর, ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাওলানা আবু সায়েম (৬০) মুরাদনগর উপজেলার চৈনপুর দাখিল মাদ্রাসার সুপার এবং জামায়াতে ইসলামী রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি বলে জানা গেছে। হামলায় তাঁর পা ও হাঁটুতে রক্তাক্ত জখম হয়েছে। পরে তাঁকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, আহত আবু সায়েমের ছেলে ইয়ামিন সরকার সজিবকে সার্বিয়া পাঠানোর জন্য অর্থের প্রয়োজন ছিল। এ উদ্দেশ্যে তিনি সোমবার সকালে ঢাকার রায়েরবাগ এলাকায় তাঁর বড় ভাইয়ের বাসায় যান। সেখানে আত্মীয়স্বজনের কাছ থেকে সংগ্রহ করা ৭ লাখ টাকা নিয়ে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
পথে সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে দেবিদ্বারের গোপালনগর এলাকায় একটি টাওয়ারের পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। এতে তাঁর পা ও হাঁটুতে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা নগদ ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ হাসান বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পা ও হাঁটুতে ক্ষত ও রক্তাক্ত জখম রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন
এই ঘটনায় ২পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন
অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে-

কালিয়াকৈরে এক দিনে তিন অগ্নিকাণ্ড, একই ব্যক্তির দুই বাসে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ
কালিয়াকৈরে এক দিনে তিন অগ্নিকাণ্ড, একই ব্যক্তির দুই বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই ব্যক্তির মালিকানাধীন দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ছাড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরপর এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টা থেকে রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে উপজেলার সূত্রাপুর, চন্দ্রা ও হাজীবাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় শীলা বৃষ্টি সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। বাসটি ময়মনসিংহ সদরের সজল মিয়ার মালিকানাধীন বলে জানা গেছে।
একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা কাজলী সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী গ্লোরী পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের বাসটিও সজল মিয়ার মালিকানাধীন।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
বাসটি দীর্ঘদিন ধরে ওই স্থানে দাঁড়িয়ে ছিল বলে জানান স্থানীয় জামাল মিয়া।

এদিকে রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার চন্দ্রা হাজীবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট-১১-৮৭৪৯ নম্বরের একটি কাভার্ড ভ্যানে আগুন লাগে।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটিতে অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করতে সক্ষম হন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চন্দ্রা ও সূত্রাপুর এলাকায় একই ব্যক্তির মালিকানাধীন দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কারা জড়িত এবং কী কারণে আগুন দেওয়া হয়েছে, তা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। আগামী ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে খিচুড়িগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
তবে এত বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ এশিয়া পোস্টকে বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করছি, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হবে। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হবে।