খুঁজুন
, ,

বিদেশে বসে চট্টগ্রামের অপরাধজগৎ নিয়ন্ত্রণ, বছরজুড়ে আলোচনায় ‘সন্ত্রাসী’ বড় সাজ্জাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
বিদেশে বসে চট্টগ্রামের অপরাধজগৎ নিয়ন্ত্রণ, বছরজুড়ে আলোচনায় ‘সন্ত্রাসী’ বড় সাজ্জাদ

নির্মাণাধীন ভবনের মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, চাঁদা না পেয়ে গুলি, প্রকাশ্যে হত্যা—এমন নানা ঘটনায় চট্টগ্রামে বিদায়ী বছরজুড়েই আলোচনায় ছিলেন ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ। চলতি বছরের শুরুতেই গতকাল শুক্রবারও চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাসায় গুলি করার ঘটনায় এসেছে বড় সাজ্জাদের নাম। বিদেশে পলাতক এই ‘সন্ত্রাসী’ সহযোগীদের মাধ্যমে দেশে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করছেন বলে দাবি পুলিশের। তাঁর দলের কয়েকজনকে গ্রেপ্তার করলেও এখনো অধরা বেশির ভাগ সহযোগী।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী, রাউজানসহ পাঁচ থানার পাঁচ লাখের বেশি মানুষ সাজ্জাদের বাহিনীর কারণে আতঙ্কে রয়েছেন। গত দেড় বছরে চট্টগ্রামে জোড়া খুনসহ অন্তত ১০টি হত্যার ঘটনায় বড় সাজ্জাদের অনুসারীদের নাম উঠে এসেছে। কখনো আধিপত্য বজায় রাখার উদ্দেশ্যে, কখনো ভাড়াটে খুনি হিসেবে সাজ্জাদের অনুসারীরা এসব হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের। যদিও সাজ্জাদ আলী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

কে এই বড় সাজ্জাদ
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর চালিতাতলী এলাকার আবদুল গণির ছেলে সাজ্জাদ আলী। তাঁর নাম প্রথম আলোচনায় আসে ১৯৯৯ সালের ২ জুন পাঁচলাইশ ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর লিয়াকত আলী খানকে খুনের ঘটনায়। বাড়ির সামনে খুন হন লিয়াকত। এ হত্যাকাণ্ডে সাজ্জাদ জড়িত ছিলেন বলে অভিযোগ থাকলেও কেউ আদালতে সাক্ষ্য না দেওয়ায় ওই হত্যা মামলা থেকে তিনি খালাস পেয়ে যান।

চট্টগ্রামে ‘এইট মার্ডার’ নামে পরিচিত আলোচিত ওই হত্যাকাণ্ডে সাজ্জাদ নেতৃত্ব দেন বলে অভিযোগ ওঠে। ২০০০ সালের ১ অক্টোবর একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হয়েছিলেন বড় সাজ্জাদ। ২০০৪ সালে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন সাজ্জাদ। এরপর বিদেশে পালিয়ে যান।
২০০০ সালের ১২ জুলাই। মাইক্রোবাসে করে একটি দলীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন ছাত্রলীগের ছয় নেতা-কর্মী। পথে বহদ্দারহাটে ওই মাইক্রোবাস থামিয়ে ব্রাশফায়ার করে সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই ওই ছয় ছাত্রলীগের নেতা-কর্মীসহ আটজন মারা যারা যান। চট্টগ্রামে ‘এইট মার্ডার’ নামে পরিচিত আলোচিত ওই হত্যাকাণ্ডে সাজ্জাদ নেতৃত্ব দেন বলে অভিযোগ ওঠে। ২০০০ সালের ১ অক্টোবর একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হয়েছিলেন বড় সাজ্জাদ। ২০০৪ সালে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন সাজ্জাদ। এরপর বিদেশে পালিয়ে যান।

শুরুতে নুরনবী ম্যাক্সন, সরোয়ার হোসেন, আকবর আলীকে নিয়ে দল গড়েন বড় সাজ্জাদ। তাঁদের হাতেই ছিল অপরাধজগতের নিয়ন্ত্রণ। একটি অস্ত্র মামলায় ২১ বছর কারাদণ্ড হয় ম্যাক্সনের। সেই দণ্ড নিয়ে পলাতক অবস্থায় ২০২২ সালের শেষের দিকে ভারতে মারা যান ম্যাক্সন। সরোয়ারও একসময় দল ছাড়েন। ২০১৫ সাল থেকে দেশে দলের হাল ধরেন ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ।

গত ১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও মোহরা এলাকায় মোহাম্মদ ইউনুসের বাসায় হানা দেয় একদল অস্ত্রধারী। অস্ত্রধারীদের একজন বলতে থাকেন, ‘সাজ্জাদ ভাইয়ের কথা ভালো লাগে নাই, এবার কবরে যা।’ এ কথার পরই শুরু হয় গুলিবর্ষণ। ব্যবসায়ীর পা, হাঁটু, কোমরসহ শরীরের চারটি স্থানে গুলি লাগে।
পুলিশ জানায়, বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ২৫ জন সন্ত্রাসী সক্রিয় রয়েছেন। দেশে মূল নেতৃত্বে রয়েছেন ১৭ মামলার আসামি ছোট সাজ্জাদ। তিনি গত বছর কারাগারে যাওয়ার পর তাঁর হয়ে ১৫ মামলার আসামি রায়হান নেতৃত্ব দিচ্ছেন।

ওসিকে পেটানোর হুমকি ফেসবুকে
পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে গত বছরের ২৯ জানুয়ারি ছোট সাজ্জাদ নিজের ফেসবুক আইডি থেকে বায়েজিদ বোস্তামী থানার তৎকালীন ওসি আরিফুর রহমানকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন। ঘটনার আগের মাসে নগরের অক্সিজেন এলাকায় একটি বাসায় অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশ সদস্যদের গুলি করে পাশের ভবনের ছাদে উঠে পালিয়ে যান ছোট সাজ্জাদ। গুলিতে আহত হন দুই পুলিশ সদস্যসহ তিনজন।

বিদেশে ব্যবসা, দেশে ভাড়া ঘর থেকে অনেক টাকা পাই। আমাদের পরিবার বিত্তশালী। আমি কেন বাহিনী তৈরি করে চাঁদাবাজি, খুন করব। উল্টো আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা।
—সাজ্জাদ আলী
ছোট সাজ্জাদের হুমকির পরদিন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সাজ্জাদকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন। পরে ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে ধরিয়ে দেন চট্টগ্রামের কিছু লোকজন। ধরা পড়ার পর সাজ্জাদকে ছাড়িয়ে আনতে ‘বান্ডিল বান্ডিল’ টাকা ছিটানোর কথা বলে ফেসবুকে স্ট্যাটাস দেন সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে রয়েছেন।

সরোয়ারকে সরাতে গিয়ে জোড়া খুন
গত বছরের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় জোড়া খুনের ঘটনা ঘটে, যেখানে বড় সাজ্জাদের বাহিনীর সংশ্লিষ্টতা খুঁজে পায় পুলিশ। ওই রাতে রুপালি রঙের একটি প্রাইভেট কার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে বাকলিয়া এক্সেস রোডে আসতে থাকে। গাড়িটি শাহ আমানত সেতু এলাকা থেকে কিছুদূর যাওয়ার পর পেছন থেকে পাঁচটি মোটরসাইকেল সেটিকে ধাওয়া করা হয়। একপর্যায়ে প্রাইভেট কারটিতে এলোপাতাড়ি গুলি করতে থাকেন মোটরসাইকেল আরোহীরা। প্রাইভেট কারের ভেতর থেকেও মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিতে অনেকটা ঝাঁঝরা হয়ে যায় গাড়িটি। এ সময় প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তি নিহত হন। তাঁরা হলেন বখতিয়ার হোসেন (৩০) ও মো. আবদুল্লাহ (৩২)। তাঁরা বড় সাজ্জাদের বাহিনী থেকে দলছুট ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। গাড়িতে সরোয়ারও ছিলেন, তবে তিনি বেঁচে যান।

এ মামলায় মো. হাসান ও মেহেদী হাসান নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। পোশাক কারখানা থেকে ঝুট কেনাবেচার নিয়ন্ত্রণ এবং বড় সাজ্জাদের আধিপত্য ধরে রাখার উদ্দেশ্যসহ পাঁচ কারণে ওই রাতে সরোয়ার হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়। সরোয়ার ওই সময় প্রাণে বেঁচে গেলেও তাঁর দুই অনুসারীর মৃত্যু হয়েছে।

আকবর-সরোয়ারকে প্রকাশ্যে হত্যা
আকবর আলী ওরফে ঢাকাইয়া আকবর ও সরোয়ার হোসেন ওরফে বাবলা—দুজনই ছিলেন বড় সাজ্জাদের সহযোগী। ২০১৫ সালের পর তাঁরা সাজ্জাদের দল থেকে বেরিয়ে যান। গত বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় আকবরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় সাজ্জাদ ও তাঁর সহযোগীদের আসামি করা হয়েছে।

বাকলিয়া এক্সেস রোডের ঘটনায় সরোয়ার বেঁচে গেলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি। তাঁকে নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয় গত বছরের ৫ নভেম্বর। এ সময় তিনি চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী-চান্দগাঁও) বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে ছিলেন। গুলিবিদ্ধ হয়ে আহত হন বিএনপি নেতা এরশাদ উল্লাহসহ আরও পাঁচজন।

পুলিশ জানায়, সরোয়ার ১৫ মামলার আসামি ছিলেন। তাঁর ঘাড়ে পিস্তল ঠেকিয়ে গুলি করছেন এক শুটার। বাঁহাতি সেই শুটার কে, তা বলতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরোয়ারকে খুনের ঘটনায় জড়িত বাঁহাতি সেই শুটার কে তা শনাক্তের চেষ্টা চলছে।

চাঁদা না পেলেই গুলি
গতকাল চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। ওই সময় ব্যবসায়ী মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় ছিলেন। তবে গুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের ধারণা, চাঁদা না পেয়ে বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন। মুজিবুর রহমানও দাবি করেন, বিদেশি একটি মুঠোফোন নম্বর থেকে কল দিয়ে বড় সাজ্জাদ পরিচয়ে তাঁর কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছিল।

এর আগে গত ১৪ ডিসেম্বর নগরের পাঁচলাইশ হামজার বাগ এলাকায় মুরাদপুর-অক্সিজেন সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে হামলা করেন সন্ত্রাসীরা। ভবনমালিকের কাছে এর আগে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এ ঘটনায়ও সাজ্জাদের সহযোগীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে।

গত ১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও মোহরা এলাকায় মোহাম্মদ ইউনুসের বাসায় হানা দেয় একদল অস্ত্রধারী। অস্ত্রধারীদের একজন বলতে থাকেন, ‘সাজ্জাদ ভাইয়ের কথা ভালো লাগে নাই, এবার কবরে যা।’ এ কথার পরই শুরু হয় গুলিবর্ষণ। ব্যবসায়ীর পা, হাঁটু, কোমরসহ শরীরের চারটি স্থানে গুলি লাগে। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। এ ঘটনার পর প্রথম আলোকে ওই ব্যবসায়ী বলেন, ‘যেভাবে এলোপাতাড়ি গুলি করা হয়, ভাবিনি বাঁচব। এখনো বেঁচে আছি বলে মনে হয় না। সাজ্জাদ বিদেশে বসে দেশে এসব করার সাহস কীভাবে পায়। তাঁর সহযোগীরা এত অস্ত্র কোথা থেকে পায়।’

ধরা পড়েননি দলের অনেকেই
দেশে বড় সাজ্জাদের দলের নেতৃত্বে থাকা ছোট সাজ্জাদ কারাগারে থাকলেও বেশির ভাগ সদস্য এখনো ধরা পড়েননি। ছোট সাজ্জাদ কারাগারে যাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন তাঁর প্রধান দুই সহযোগী মোহাম্মদ রায়হান ও মোবারক হোসেন ইমন। তাঁদের বিরুদ্ধে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, ছোট সাজ্জাদ কারাগারে থাকায় তাঁর হয়ে অপরাধমূলক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ রায়হান। হত্যাচেষ্টার একটি মামলায় কারাগারে গিয়ে ছোট সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় রায়হানের। ২০২৪ সালের ৫ আগস্টের পর দুজন কারাগার থেকে জামিনে বের হন। এরপর ছোট সাজ্জাদের সঙ্গে বেপরোয়া হয়ে ওঠেন রায়হান। ছোট সাজ্জাদ পুনরায় কারাগারে গেলে সাজ্জাদের অস্ত্রভান্ডারের দেখভাল করছেন এই রায়হান। একাধিক খুনের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে

গত ২৫ অক্টোবর মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারসংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয় যুবদলের কর্মী আলমগীর আলমকে। মৃত্যুর আগে আলমগীরের মুঠোফোনে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আলমগীরকে রায়হানের বিষয়ে শঙ্কা প্রকাশ করতে দেখা যায়। রায়হানের নাম উল্লেখ করে অপর প্রান্তে থাকা ব্যক্তির উদ্দেশে আলমগীর মুঠোফোনে বলেন, ‘তুমি যে শোডাউন করিয়েছ আতঙ্ক সৃষ্টি করে, আমাকে তো মেরেও ফেলতে পারত, তুমি তো ও রকম মানুষ নিয়ে এসে আমাকে মেরে ফেলতে পারো।’ তিনি আরও বলেন, ‘আমাকে তাড়ানোর জন্য তুমি এসব করছ।…ওরা অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে আমাকে থ্রেট দিতে।’

গত ২৫ জুলাই চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার এক ওষুধের দোকানিকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রায়হানের বিরুদ্ধে। রায়হান তাঁকে বলেন, ‘আমি ঢাকাইয়া আকবর খুনের মামলার ২ নম্বর আসামি রায়হান, মাথার খুলি উড়ায় ফেলব।…আকবর সি বিচে কীভাবে পড়ে ছিল তুই দেখেছিস? তুইও পড়ে থাকবি।’ চাঁদা না পেয়ে ১ আগস্ট চান্দগাঁও থানার মোহরা এলাকার এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগও ওঠে রায়হানের বিরুদ্ধে। রায়হানের নামে অন্তত ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে সাতটি হত্যা মামলা।

সাজ্জাদের আরেক সহযোগী মোবারক হোসেন ওরফে ইমন ফটিকছড়ির কাঞ্চনগরের মো. মুসার ছেলে। জোড়া খুন ও ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ সাত মামলার আসামি তিনি। পুলিশ জানিয়েছে, তাঁর কিছু ছবিতে ১৫-২০টি অস্ত্র বহনের প্রমাণ রয়েছে। জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করে এনেছিলেন মোবারক।

যা বলছেন সাজ্জাদ আলী
বিদেশে বসে খুনের নির্দেশ, চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিদেশে ব্যবসা, দেশে ভাড়া ঘর থেকে অনেক টাকা পাই। আমাদের পরিবার বিত্তশালী। আমি কেন বাহিনী তৈরি করে চাঁদাবাজি, খুন করব। উল্টো আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা।’

ছোট সাজ্জাদ, রায়হানের সঙ্গে কোনো যোগাযোগ ও সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন সাজ্জাদ আলী। তিনি বলেন, ‘সাজ্জাদ, রায়হানের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তবে সরোয়ার সন্ত্রাসী, সেটি জানি। পুলিশ বের করুক তাকে কারা মেরেছে।’

জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, খুনের মামলার বেশির ভাগ আসামিকে পুলিশ ধরেছে। বড় সাজ্জাদকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে।

সরকারে থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচার, বিতর্কের কেন্দ্রে এনআরবি কর্মকর্তা মাহমুদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
সরকারে থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচার, বিতর্কের কেন্দ্রে এনআরবি কর্মকর্তা মাহমুদ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা (Assistant Revenue Officer) মাহমুদ আল হোসাইনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও প্রচারণায় অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে নানা আলোচনা চলছে।

 

অভিযোগ রয়েছে, মাহমুদ আল হোসাইন ২০১৮ সালের ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিতে যোগদানের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতি তার ঘনিষ্ঠতা ও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। একই সঙ্গে প্রতিপক্ষকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

সম্প্রতি তার ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও শেয়ারের বিষয় সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পোস্ট শেয়ারসহ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার মতো কর্মকাণ্ড তার ফেসবুক কার্যক্রমে দেখা যায়।

 

এ ছাড়া বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জুলাই-আগস্টের আন্দোলনের নেতাদের নিয়েও তার বিভিন্ন ব্যঙ্গাত্মক ও সমালোচনামূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েও তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণা ছড়ানোর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।

 

শুধু রাজনৈতিক বক্তব্য নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নারীকে নিয়ে আপত্তিকর ও চরিত্রহননমূলক মন্তব্য করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী ও সংগঠনটির নেত্রী ফাতেমা তাসনীম জুমাকে নিয়ে তার করা কিছু পোস্ট নিয়েও সমালোচনা দেখা দিয়েছে।

 

সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে **সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫**-এ বিধিনিষেধ রয়েছে। সরকারি চাকরিতে থাকা ব্যক্তিদের রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার ক্ষেত্রে এসব বিধি প্রযোজ্য। ফলে একজন সরকারি কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচার-প্রচারণা কিংবা কোনো রাজনৈতিক পক্ষের প্রকাশ্য সমর্থন বা বিরোধিতা বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আসে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির রাজনৈতিক কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার বিষয়ে নতুন করে নানা আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে এনবিআরের একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ ওঠায় বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অনেকে।

 

অভিযোগকারীদের প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে মাহমুদ আল হোসাইনের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড সরকারি কর্মচারীদের আচরণবিধির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো কতটা সত্য—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।

 

এ বিষয়ে মাহমুদ আল হোসাইনের বক্তব্যর জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ব্যবহিত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

শ্রমিকলীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ বিএনপি নেতা ওয়াদুদসহ বহিষ্কৃত শাহিন শিকদারের বিরুদ্ধে

ডেস্ক নিউজ:
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
শ্রমিকলীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ বিএনপি নেতা ওয়াদুদসহ বহিষ্কৃত শাহিন শিকদারের বিরুদ্ধে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় শ্রমিক লীগের নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার পর থানা হাজত থেকে দলবদ্ধভাবে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওয়াদুদ ও দল থেকে বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদারসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের ভূমিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা নিয়ে প্রশ্ন উঠেছে। আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার প্রতিবাদে পরে থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের অপর একটি অংশের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ভূরুঙ্গামারী গরুর হাটে মো. আসিফ হোসেন নামে এক ব্যক্তির শার্টের কলার ধরে কিল-ঘুষি মারার অভিযোগ ওঠে জাতীয় শ্রমিক লীগের নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে। এ সময় সেখানে উত্তেজনার সৃষ্টি হলে উপস্থিত লোকজন ও বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী তাঁকে আটক করেন। পরে তাঁকে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের পর যুবদলের সাবেক নেতা মো. আনিচুর রহমান লেবু অভিযোগ করেন, নজরুল ইসলাম ২০১৭ সালের জাতীয় শ্রমিক লীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখার কমিটির নেতা। তাঁর বিরুদ্ধে গত ২৯ আগস্ট চাঁদাবাজির অভিযোগে আশরাফুল নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ নম্বর ১৬০৮/২৯/০৮/২০২৬। ওই অভিযোগে নজরুল ইসলামকে দ্বিতীয় অভিযুক্ত করা হয়েছে। তবে প্রভাব খাটিয়ে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

নজরুল ইসলামকে আটকের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সজিবুল হাসান সোহেল, যুবদল নেতা আনিচুর রহমান লেবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলামকে থানায় নেওয়ার আগে থেকেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ থানায় উপস্থিত ছিলেন না। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে হাজতে রাখে। এর প্রায় ৩০ মিনিট পর বিএনপির বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওয়াদুদ ও কাঠ মানিকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী থানায় প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, এ সময় তাঁরা থানার ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধভাবে হাজত থেকে নজরুল ইসলামকে ছাড়িয়ে নিয়ে যান। তবে কী প্রক্রিয়ায় এবং কার অনুমতিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি পুলিশ।

এ ঘটনায় আরও অভিযোগ উঠেছে, বিএনপির বহিষ্কৃত নেতা ফরিদুল হক শাহিন শিকদার সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসীর মামুন মুনের সঙ্গে কথা বলেন। পরে তাঁর নির্দেশনাতেই নজরুল ইসলামকে হাজত থেকে ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে এ অভিযোগের বিষয়ে এএসপির বক্তব্য জানতে চাইলে তিনি কোনো প্রকার মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

নজরুল ইসলামকে হাজত থেকে ছাড়িয়ে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপির অপর একটি অংশের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. সজিবুল হাসান সোহেল, সাবেক বিএনপি নেতা মো. মামুন ব্যাপারী ও যুবদল নেতা আনিচুর রহমান লেবু। তাঁদের সঙ্গে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভকারীদের প্রশ্ন, পুলিশের কাছে সোপর্দ করা একজন আটক ব্যক্তিকে কীভাবে থানা হাজত থেকে ছাড়িয়ে নেওয়া হলো? কার নির্দেশনা বা অনুমতিতে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে? তাঁরা ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভূরুঙ্গামারী উপজেলা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, “যে ব্যক্তিকে বিএনপির কর্মী দাবি করে থানা থেকে মব সৃষ্টি করে ছাড়িয়ে নেওয়া হয়েছে, তাকে ২৪-এর গণআন্দোলনের আগে কোনো কর্মসূচিতে দেখি নাই।”

তবে ভূরুঙ্গামারী থানার একাধিক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দুই গ্রুপের দলাদলির কারণে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারছি না। গ্রেপ্তার করলেই তাদেরকে ছাড়িয়ে নিতে শুরু হয় তদবির বাণিজ্য। এ অবস্থায় চলতে পারে না। এতে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

বিএনপির বহিষ্কৃত নেতা মো. ফরিদুল হক শাহিন শিকদারকে একাধিকবার ফোন দিলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “আটক নজরুল ইসলাম শ্রমিক লীগের নেতা নন। তিনি মূলত শ্রমিক ইউনিয়নের নেতা। তাছাড়া তাঁকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়নি। একই নাম হওয়ায় ভুল বোঝাবুঝি হয়েছে।”

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ অভিযোগ করেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন।

আবু হানিফ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে ফজলুর রহমান আজ সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি বিভিন্ন সময়ে এই গণঅভ্যুত্থানের বিরোধিতা করছেন। ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই কথায় আছে, ‘ওয়ান্স অ্যান আওয়ামী লীগ, অলওয়েজ অ্যান আওয়ামী লীগ।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়েও সমালোচনা করেন আবু হানিফ। তাঁর দাবি, বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার পর সংসদে গিয়ে রুমিন ফারহানা সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে তিনি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকা পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

আবু হানিফ অভিযোগ করেন, গত কয়েক দিনে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ জানাননি।

সবশেষে তিনি দাবি করেন, দুই সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ডে মনে হচ্ছে, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।