খুঁজুন
, ,

সুন্দরবনে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞায় বিপাকে জেলেরা

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
সুন্দরবনে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞায় বিপাকে জেলেরা

সুন্দরবনের নদ-নদী ও খালে কাঁকড়ার প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১ জানুয়ারি থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনে কাঁকড়া ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। টানা দুই মাসের এই নিষেধাজ্ঞার কারণে চরম সংকটে পড়েছেন মোংলা ও সংলগ্ন এলাকার হাজার হাজার পেশাদার জেলে।
‎
‎বন বিভাগ সূত্রে জানা গেছে, জানুয়ারী এবং ফেব্রুয়ারী—এই দুই মাস সুন্দরবনের শিলা কাঁকড়া (Mud Crab) ডিম ছাড়ে এবং প্রজনন করে। এই সময়ে মা কাঁকড়া রক্ষায় সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বনবিভাগসহ সকল অভয়ারণ্যে কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো জেলেকে এই সময়ে বনে প্রবেশের অনুমতি (পাস-পারমিট) দেওয়া হচ্ছে না।
‎
‎সংকটে মোংলার উপকূলীয় জেলেপল্লী
‎নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকেই মোংলার চিলা, কানাইনগর, জয়মনি এবং সুন্দরবন সংলগ্ন পশুর নদী পাড়ের জেলেপল্লীগুলোতে নেমে এসেছে স্থবিরতা। অনেক জেলেই অভিযোগ করেছেন যে, বিকল্প কর্মসংস্থান বা পর্যাপ্ত সরকারি সহায়তা না থাকায় তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
‎
‎কাঁকড়া ধরাই অধিকাংশ জেলের একমাত্র আয়ের উৎস। অন্য কাজ না জানায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। অনেক জেলে দাদন ব্যবসায়ী বা এনজিও থেকে কিস্তিতে ঋণ নিয়ে নৌকা ও জাল মেরামত করেছেন। এখন আয় বন্ধ হয়ে যাওয়ায় কিস্তি পরিশোধ নিয়ে তারা দিশেহারা।
‎
‎জেলেরা জানান, ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় চাল বা সহায়তা পাওয়া গেলেও কাঁকড়া ধরা জেলেদের জন্য বিশেষ বরাদ্দের অভাব রয়েছে।
‎
‎পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের তথ্যমতে, বনের সম্পদ রক্ষায় এই কঠোরতা দীর্ঘমেয়াদে জেলেদেরই উপকার করবে। এখন মা কাঁকড়া রক্ষা পেলে ভবিষ্যতে জেলেরা আরও বেশি কাঁকড়া আহরণ করতে পারবেন। বন টহল জোরদার করা হয়েছে যাতে কেউ অবৈধভাবে বনে প্রবেশ করতে না পারে।
‎
‎মোংলার ভুক্তভোগী জেলেরা দাবি জানিয়েছেন, এই দুই মাস যেন তাদের জন্য সরকারি বিশেষ ভিজিএফ (VGF) চাল বা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। অন্যথায় ক্ষুধার্ত পরিবার নিয়ে টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে পড়বে।
‎

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত আনুমানিক রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভিতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

তিনি আরো জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশাপাশি দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে রবিবার রাত ১২:৩০ টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমা সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হলেও কোনো বড় ক্ষতি না হয়ে, শুধুমাত্র সিঁড়িতে সামান্য দাগ রয়ে গিয়েছে।

ঘটনা স্থান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হচ্ছে। খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানালেন, দুইজন যুবক একটি মোটরসাইকেলে এসে বোমা নিক্ষেপের পর দ্রুত পালিয়ে গেছেন।

বোমা বিস্ফোরণের পর কিছুক্ষণ আগুন জ্বলে উঠলেও তা স্বয়ংক্রিয়ভাবে নিভে যায়। সিটি করপোরেশনের কর্মীরা জানান, ক্যামেরা ফুটেজে বোমা ছোড়া এবং বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে।

পুলিশ বর্তমানে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তদন্ত চালাচ্ছেন এবং আইনগত ব্যবস্থা নেবে। ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশিত হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
মৃত্যুর সাড়ে ৭ মাস পর বিস্ফোরণ মামলার আসামি হলেন মুক্তিযোদ্ধা

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সামচু ঢালীকে। তবে বিস্ময়কর বিষয় হলো, মামলার ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তার মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৯ মার্চ মারা যাওয়া এই ব্যক্তির নাম মামলার এজাহারে রয়েছে ২১৯ নম্বর আসামি হিসেবে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।

মামলার নথি ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ সামচু ঢালীর মৃত্যু হয়। অথচ গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর একটি ফৌজদারি মামলার আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

 

জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বর আসামি হিসেবে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

ঘটনার আগেই মারা যাওয়া একজন ব্যক্তির নাম কীভাবে মামলার আসামির তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, মৃত ব্যক্তির নাম মামলার আসামির তালিকায় থাকার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। একটি পোস্টে বিদ্রূপ করে বলা হয়েছে, দলের প্রতি তার নিবেদন এতটাই ছিল যে আন্দোলনের খবর পেয়ে কবর থেকে উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন। এমনকি মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেছেন বলেও ব্যঙ্গ করা হয়েছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।

তিনি আরও বলেন, আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

 

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’