কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার মাঠে থাকা ছয় প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইয়ে কারো মনোনয়ন বাতিল হয়নি।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং গণ অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা কাগজপত্র ও আইনগত সব দিক যাচাই করা হয়েছে। সবকিছু সঠিক থাকায় ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”
মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইতোমধ্যে প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতির তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]