খুঁজুন
, ,

এমটিভি বাংলার ‘বেস্ট মাল্টিমিডিয়া রিপোর্টার’ সম্মাননা পেলেন শেখ মোরশেদ আলম জিসান

গাজীপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
এমটিভি বাংলার ‘বেস্ট মাল্টিমিডিয়া রিপোর্টার’ সম্মাননা পেলেন শেখ মোরশেদ আলম জিসান

জনপ্রিয় সংবাদমাধ্যম এমটিভি বাংলার মাল্টিমিডিয়া রিপোর্টারদের মধ্যে ‘বেস্ট মাল্টিমিডিয়া রিপোর্টার’ হিসেবে সম্মাননা পেয়েছেন গাজীপুর সিটি মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ মোরশেদ আলম জিসান।

২০২৩ সালের ৭ মার্চ এমটিভি বাংলায় পোর্টাল রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন শেখ মোরশেদ আলম জিসান। দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সময়ে এমটিভি বাংলার অনুসন্ধানী প্রতিবেদনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিল মাসে তাকে এমটিভি বাংলার গাজীপুরের গাছা থানা রিপোর্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবাদ সংগ্রহে দক্ষতা, তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠভাবে সংবাদ উপস্থাপনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করেন।

এরই ধারাবাহিকতায় তার পেশাগত দক্ষতা, তথ্য সংগ্রহের সক্ষমতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৬ সালের ৩ জানুয়ারি তাকে এমটিভি বাংলার গাজীপুর সিটি মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব পালনকালে চলমান বিভিন্ন ঘটনা ও গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশে ভূমিকা রাখেন তিনি। তার প্রকাশিত সংবাদের গ্রহণযোগ্যতা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এমটিভি বাংলার পক্ষ থেকে তাকে ‘বেস্ট মাল্টিমিডিয়া রিপোর্টার’ সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার এই সম্মাননা ঘোষণা দেন এমটিভি বাংলার ব্যবস্থাপনা পরিচালক মো. সুমন মিয়া।

সম্মাননা পাওয়ার পর শেখ মোরশেদ আলম জিসান বলেন, এই স্বীকৃতি তার পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা ও সততার সঙ্গে পালনে অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড হাইওয়ে পুলিশ বক্সের সামনে সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. খলিলুর রহমান,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, কুমিল্লা জেলা ট্রাফিক বিভাগ দাউদকান্দি জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ফারুক হোসেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুউদ্দিন, দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) এশরাদ হুসাইন, এপিআই মতিন সৈকত, নিসচা’র সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শেলিনা আক্তার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর একই বছরের ১ ডিসেম্বর ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সামাজিক আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে সংগঠনটি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সালের ৫ জুন সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকে ২০১৮ সাল থেকে প্রতিবছর দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে।

তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং দক্ষ ও প্রশিক্ষিত চালক নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সড়কের অব্যবস্থাপনা দূর করা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে নিরাপদ সড়ক চাই, দাউদকান্দি উপজেলা প্রশাসন, দাউদকান্দি হাইওয়ে পুলিশ, দাউদকান্দি মডেল থানা, জেলা ট্রাফিক পুলিশ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র, দাউদকান্দি ফায়ার সার্ভিস, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন পরিবহন ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মেঘনা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়ে ড. মোশাররফকে ফুলেল শুভেচ্ছা জানালেন আব্দুল অদুদ মুন্সী

হোসাইন মোহাম্মদ দিদার:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
মেঘনা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়ে ড. মোশাররফকে ফুলেল শুভেচ্ছা জানালেন আব্দুল অদুদ মুন্সী

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য কুমিল্লা-১ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল অদুদ মুন্সী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আব্দুল অদুদ মুন্সী। এ সময় তিনি বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে রমিজউদ্দিন লন্ডনীকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর আব্দুল অদুদ মুন্সীকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব পাওয়ার পর ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় মার্কিন কর্মী ও পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় মার্কিন কর্মী ও পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন, এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। সৌদি আরবের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ থেকেও মার্কিন কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দেওয়া পোস্টে টমি পিগট বলেন, ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমবর্ধমান শত্রুতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মধ্যে বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলাও রয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং যাতায়াতব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখা হবে।

তবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে আগে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে ‘ভুল’ বলে উল্লেখ করেছেন পিগট।