দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর স্থাপনের লক্ষ্যে বিআইডব্লিউটিএ-এর সরেজমিন পরিদর্শন দাউদকান্দি
দাউদকান্দির গোমতী নদীর তীরে একটি আধুনিক নৌবন্দর স্থাপনের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথে নতুন অগ্রগতি সাধিত হয়েছে। আজ নদীর তীরবর্তী প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আধুনিক নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন সম্পন্ন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একটি প্রতিনিধি দল।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের কর্মকর্তারা গোমতী নদীর নাব্যতা, নদীর তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা, আশপাশের সড়ক ও সার্বিক যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। একই সাথে ভবিষ্যৎ নৌবন্দর নির্মাণের সম্ভাব্য স্থানগুলোও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হয়।
পরিদর্শন প্রক্রিয়ায় বিআইডব্লিউটিএ-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন:
মুহম্মদ মহিউদ্দিন চৌধুরী — পরিচালক, পরিকল্পনা বিভাগ
মো. আবদুস সালাম — অতিরিক্ত পরিচালক, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ
জনাব রেজাউল করিম — বন্দর ও পরিবহন কর্মকর্তা, মেঘনা ঘাট নৌবন্দর
নেপাল চন্দ্র দেবনাথ — নির্বাহী প্রকৌশলী
বিআইডব্লিউটিএ-এর অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিবৃন্দ
কর্মকর্তারা জানান, এই পরিদর্শনের চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বন্দরের কাজ বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে।
প্রস্তাবিত এই নৌবন্দরটি চালু হলে দাউদকান্দি ও আশপাশের অঞ্চলের নৌ-যোগাযোগ ব্যবস্থা এবং পণ্য পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে যেমন গতি সঞ্চার হবে, তেমনি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের ব্যাপক সুযোগ। অনুকূল পরিবেশ থাকলে খুব শীঘ্রই অবকাঠামোগত কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]