দাউদকান্দিতে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, ক্ষোভে ছাত্র আত্মহত্যার চেষ্টা।
কুমিল্লার দাউদকান্দিতে ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাঞ্জুল হাসান (২৬) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। ক্ষোভ ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ভুক্তভোগী ছাত্র আত্মহত্যার চেষ্টা চালালে বিষয়টি প্রকাশ্যে আসে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গৌরীপুর এলাকার কাশিফুল উলুম মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাঞ্জুল হাসান চাঁদপুর সদর উপজেলার কুমরুয়া গ্রামের বাসিন্দা। তিনি গৌরীপুরের কাশিফুল উলুম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত আনুমানিক আড়াইটার দিকে ভুক্তভোগী ছাত্র মাদরাসার কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় শিক্ষক মাঞ্জুল হাসান কৌশলে তাকে ডেকে নিজের কক্ষে নিয়ে যান এবং জোরপূর্বক অপ্রাকৃতিক যৌনাচার চালান। ঘটনার পর বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন ওই শিক্ষক।
ভীতি ও মানসিক যন্ত্রণায় ভুগে এতদিন বিষয়টি চেপে রেখেছিল ওই কিশোর। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মাদরাসায় সে আত্মহত্যার চেষ্টা করলে কর্তৃপক্ষ তার পরিবারকে খবর দেয়। পরে স্বজনদের কাছে পুরো ঘটনার নির্মম বিবরণ তুলে ধরে সে।
ভুক্তভোগী ছাত্রের মা বলেন, “আমার ছেলে এতদিন ভয়ে ও মানসিক কষ্টে ছটফট করছিল। আত্মহত্যার চেষ্টার পর পুরো ঘটনা জানতে পেরে আমরা তাৎক্ষণিক আইনের আশ্রয় নিই।”
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম জানান, ভুক্তভোগী ছাত্রের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]