নতুন বাহারছড়ায় প্রকাশ্যে ইয়াবা কারবারের অভিযোগ, ওসমানকে ঘিরে অতিষ্ঠ এলাকাবাসী
কক্সবাজারের বিমানবন্দর সড়কসংলগ্ন নতুন বাহারছড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে ওসমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, গত প্রায় ছয় মাস ধরে ওসমানের মাধ্যমে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার চলছে। তার বাড়িতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে বলেও অভিযোগ করেছেন তারা।
এলাকাবাসী জানান, মাদক কারবারের অভিযোগে নতুন বাহারছড়া সমাজ কমিটি প্রায় তিন মাস আগে ওসমানকে সমাজ থেকে বহিষ্কার করে। তবে এরপরও কথিত মাদক কারবার বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের আরও দাবি, কয়েক সপ্তাহ আগে ইয়াবাসহ ওসমানকে পুলিশ আটক করেছিল। তবে পরে অল্প সময়ের মধ্যেই তিনি ছাড়া পেয়ে আবারও এলাকায় অবস্থান করছেন বলে অভিযোগ তাদের। এ ঘটনায় তার ছাড়া পাওয়ার প্রক্রিয়া নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে এসব অভিযোগের বিষয়ে ওসমানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
মাদক কারবারের অভিযোগে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ এলাকাবাসী। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে ওসমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং এলাকায় মাদকের বিস্তার বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ করা হোক।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]