খুঁজুন
, ,

প্রাইভেটকারে তুলে সাংবাদিককে অপহরণ: নগদ টাকা ও বিকাশ ভেঙে লুটে নিল লক্ষাধিক টাকা

আল রোকন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
প্রাইভেটকারে তুলে সাংবাদিককে অপহরণ: নগদ টাকা ও বিকাশ ভেঙে লুটে নিল লক্ষাধিক টাকা

কুমিল্লার চান্দিনা-মাধাইয়া সড়কে এক সাংবাদিককে কৌশলে প্রাইভেটকারে তুলে নিয়ে হাত বেঁধে নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন লুট করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গতকাল ২০ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার-এর দাউদকান্দি-তিতাস উপজেলা প্রতিনিধি খোকন ফরাজী (আইডি নম্বর: BS11469)। এ ঘটনায় তিনি চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মদনপুর এলাকা থেকে দাউদকান্দি যাওয়ার উদ্দেশ্যে যাত্রীবেশে একটি প্রাইভেটকারে ওঠেন খোকন ফরাজী। গাড়িতে আগে থেকেই যাত্রী সেজে আরও তিনজন অবস্থান করছিল। কথা ছিল তাকে দাউদকান্দি বাসস্ট্যান্ডে নামিয়ে দেওয়া হবে। কিন্তু গাড়িটি দাউদকান্দি না থেমে চান্দিনার দিকে দ্রুত গতিতে ছুটতে থাকে।
একপর্যায়ে চান্দিনা ও মাধাইয়ার মাঝামাঝি নির্জন স্থানে পৌঁছালে গাড়ির ভেতরেই খোকন ফরাজীকে জোরপূর্বক হাত বেঁধে ফেলে এবং চোখে কালো চশমা পরিয়ে জিম্মি করে ফেলে অপহরণকারীরা। এরপর তার সঙ্গে থাকা নগদ ৫৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। শুধু তা-ই নয়, ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত মোবাইলটি কেড়ে নিয়ে বিকাশ নম্বর (০১৭৭৩-০৬০৯০৭) থেকে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতকারীরা। পরে সব তথ্য ও প্রমাণ মুছে ফেলতে মোবাইল ফোনটি ফরম্যাট করে দেওয়া হয় বলে ভুক্তভোগী জানান।
ভুক্তভোগী সাংবাদিক খোকন ফরাজী জানান, গাড়ি চলাকালীন তাদের মধ্যকার কথাবার্তা শুনে ধারণা করা যায়—চক্রটিতে যশোর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জ জেলার অপরাধীরা জড়িত থাকতে পারে। তবে তাদের সুনির্দিষ্ট পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, ঘটনার পরপরই ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করা হলেও তৎক্ষণাৎ কোনো সহায়তা পাওয়া যায়নি; বরং নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
পরবর্তীতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিনি চান্দিনা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি লুটে নেওয়া অর্থ ও মোবাইল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে, সিসিটিভি ফুটেজ, প্রাইভেটকারের গতিপথ, বিকাশ লেনদেনের ট্র্যাকিং, মোবাইল ফোনের IMEI নম্বর এবং ৯৯৯-এর কল রেকর্ড পর্যালোচনা করে ঘটনার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালানো যেতে পারে।
এ বিষয়ে চান্দিনা থানার বক্তব্য ও পুলিশি তদন্তের অগ্রগতি পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত প্রকাশ করা হবে।

পঞ্চগড়ে ওলামা দলের ভিডিও-ছবি জামায়াতের নামে প্রচার, ছাত্রদলের ৬ নেতাকর্মীর নামে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে ওলামা দলের ভিডিও-ছবি জামায়াতের নামে প্রচার, ছাত্রদলের ৬ নেতাকর্মীর নামে মামলা

পঞ্চগড়ের এক ওলামা দলের নেতার সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থার ভিডিও ও ছবি কুড়িগ্রামের কয়েকজন ছাত্রদল নেতাকর্মী তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা ও ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) পরিচয়ে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর (রোববার) ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. এরশাদুল হক নাগেশ্বরী থানায় এ অভিযোগ করেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল্লাহ আল লেমন, ভূরুঙ্গামারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরমান, জিয়া সাইবার ফোর্স কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ও ভূরুঙ্গামারী উপজেলা শাখা ছাত্রদলের মো. জাহাঙ্গীর আলম, এছাড়া মো. সাইদুল ইসলাম এবং ‘ন্যাশনালিস্ট ফাইদার’ নামের ফেসবুক পেজ পরিচালনাকারী বলে জানা গেছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীকে ঘিরে আপত্তিকর অবস্থার একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। ভিডিওটির প্রকৃত ঘটনা পঞ্চগড় জেলার ওলামা দলের এক সদস্যের সঙ্গে সংশ্লিষ্ট। ওই ব্যক্তিকে ঘিরেই ভিডিও ও ছবিটি ধারণ ও প্রচার করা হয়েছে কিন্তু ঘটনার প্রকৃত পরিচয় আড়াল করে কতিপয় ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ভিডিও ও ছবিকে ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের ব্যক্তিগত সহকারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নেতার ছবি ও পরিচয় হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

ভিডিও ও ছবির প্রকৃত উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাই না করে এভাবে প্রচার অব্যাহত থাকলে তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। এ কারণে ভাইরাল ভিডিও ও ছবির প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা প্রচার করছে—এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এদিকে, অভিযোগে নাম থাকা কয়েকজনের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি অফিসে মানুষের কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়া, স্থানীয় বিচার-শালিশে অর্থের বিনিময়ে অসহায় ব্যক্তিদের প্রতি অবিচার করা এবং অবৈধভাবে প্রশাসনকে ম্যানেজ করে নদী বা পুকুর থেকে বালু উত্তোলনের মতো অভিযোগও রয়েছে। স্থানীয়ভাবে এসব বিষয়ে একাধিক অভিযোগ থাকলেও অনেকে ভয় বা বিভিন্ন কারণে প্রকাশ্যে কথা বলতে পারছেন না।

অভিযোগকারী মো. এরশাদুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে ঘিরে যে ভিডিও, ছবি ছড়ানো হয়েছে তাতে অনেকেই আমাকে মিন করে বাজে কমেন্ট করেছে, দলের ভাবমুর্তী নষ্ট করেছে। আমি সামাজিক ও মানষিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি। সরকার গুজব ছড়ানো বন্ধ করতে বলছে আর এদিকে সরকারি দলের ব্যক্তিরা গুজব ছড়াচ্ছে। তাই বিষয়টি পরামর্শ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেসবুক লিংক ও অন্যান্য তথ্য সহকারে অভিযোগ দাখিল করে প্রচলিত আইনে বিচার চেয়েছি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, ইতোমধ্যে ‘দ্য ডিসেন্ট’ জামায়াতের নামে প্রচারিত ভিডিওটি ফ্যাক্টচেক করে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চগড়ে এক তরুণীসহ আটক ব্যক্তি মো. শহিদুল ইসলাম জামায়াতে ইসলামীর নেতা নন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পঞ্চগড় জেলা শাখার সদস্য এবং পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ট্রেনে যারা আগুন দিয়েছে, তারা জামায়াতের লোক: রিজভী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
ট্রেনে যারা আগুন দিয়েছে, তারা জামায়াতের লোক: রিজভী

ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জামায়াতের লোক বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে দাবি করে জামায়াতের আমিরের কাছে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মধ্য বাড্ডা, কাফরুল ও মিরপুরে বাসে আগুন এবং হাইকোর্টের সামনে বোমাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তার উত্তর দিতে হবে।

তিনি বলেন, একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জামায়াতের লোক বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জামায়াতের আমিরের কাছে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে জামায়াতের আমিরকে লংমার্চ করার আহ্বান জানান রিজভী।

এক দফার আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, ‘আপনাদের এক দফার কথা শুনে আমরা কি গলি দিয়ে পালাবো, না প্রাচীরের ওই পারে আমরা লাফ দেব?’

তিনি বলেন, যে দলের সম্পর্ক রাজপথের ইট, কাঠ, ধুলা ও বালুর সঙ্গে, সেই দল বিএনপি। ১৭ বছর ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন করেছে। জুলাইয়ের আন্দোলন ও আগস্টে শেখ হাসিনা সরকারের পতনও দীর্ঘদিনের সেই আন্দোলনের বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি।

রিজভীর ভাষ্য, বিএনপি ক্ষমতায় আছে ক্ষমতার জোরে নয়, জনগণের শক্তির জোরে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ হাজার কোটি গাছ লাগানো, হৃদরোগীদের রিংয়ের দাম কমানো এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কর্মসূচির কথা উল্লেখ করেন। এসব উদ্যোগ জনগণের স্বার্থে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সবশেষে রিজভী বলেন, ‘বিএনপির খুঁটি কোনো বাঁশের খুঁটি নয়, বিএনপির খুঁটি জনগণের খুঁটি।’ তাঁর দাবি, জনগণের সেই শক্তির ওপরই বিএনপি দাঁড়িয়ে আছে।

সমাবেশে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সংসদ সদস্য হামিদুর রহমান ও কামরুজ্জামান রতনসহ অনেকে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

নিজ ভূখণ্ডেই বিলুপ্তির পথে জাতীয় পাখি দোয়েল, হারিয়ে যাচ্ছে চেনা ভোরের সুর

আহনাফ হামিম, বিশেষ প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
নিজ ভূখণ্ডেই বিলুপ্তির পথে জাতীয় পাখি দোয়েল, হারিয়ে যাচ্ছে চেনা ভোরের সুর

অপরিকল্পিত নগরায়ন, কীটনাশকের ব্যবহার ও বৃক্ষনিধনে সংকটে দোয়েলের আবাসস্থল ও খাদ্যশৃঙ্খল

একসময় ভোরের নীরবতা ভেঙে যার মিষ্টি ডাক জানান দিত নতুন দিনের আগমন, সেই জাতীয় পাখি দোয়েল আজ নিজ ভূখণ্ডেই অস্তিত্ব সংকটে। অপরিকল্পিত নগরায়ন, ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং নির্বিচারে বৃক্ষনিধনের কারণে ক্রমেই কমে যাচ্ছে দোয়েলের নিরাপদ আবাসস্থল ও খাদ্যের উৎস।

কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ফলে দোয়েলের প্রধান খাদ্য বিভিন্ন কীটপতঙ্গের সংখ্যা কমে যাচ্ছে। একই সঙ্গে দূষিত পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণের কারণে পাখিটির স্বাভাবিক জীবনচক্র ও প্রজনন ব্যবস্থাও হুমকির মুখে পড়ছে বলে উদ্বেগ রয়েছে।

অন্যদিকে আধুনিকায়নের নামে কেটে ফেলা হচ্ছে পুরনো গাছ, ধ্বংস হচ্ছে বাঁশঝাড় ও প্রাকৃতিক ঝোপঝাড়। অথচ এসব জায়গাতেই একসময় নিরাপদ আশ্রয় ও প্রজননক্ষেত্র গড়ে তুলত দোয়েল। আবাসস্থল সংকুচিত হওয়ায় নতুন প্রজন্মের দোয়েলের স্বাভাবিক বিস্তারও বাধাগ্রস্ত হচ্ছে।

দোয়েলের সংকট শুধু একটি পাখির অস্তিত্ব হারানোর বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের পরিবেশ ও খাদ্যশৃঙ্খলের ভারসাম্য। প্রাকৃতিকভাবে বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণে পাখিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দোয়েলের সংখ্যা কমে গেলে এর প্রভাব পড়তে পারে কৃষি ও সামগ্রিক জীববৈচিত্র্যের ওপর।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তাই প্রয়োজন নিরাপদ আবাসস্থল সংরক্ষণ, দেশীয় গাছ রক্ষা এবং কৃষিতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমানো। পাশাপাশি পাখির অবাধ বিচরণ ও প্রজননের উপযোগী পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

নইলে একসময় হয়তো ভোরের বাতাসে আর শোনা যাবে না দোয়েলের চেনা ডাক। জাতীয় পাখিটিকে তখন খুঁজে নিতে হবে শুধু পাঠ্যবই, স্মারক মুদ্রা কিংবা ডাকটিকিটের ফ্রেমবন্দী ছবিতে।