বাঁ পায়ের হাড় ভেঙে যাওয়া রোগীর ডান পায়ে অপারেশন করলো ডাক্তার!
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চরম চিকিৎসা গাফিলতি, বাঁ পায়ের বদলে ডান পায়ে অস্ত্রোপচারের অভিযোগ
ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় চরম গাফিলতির এক বিস্ময়কর অভিযোগ উঠেছে। অভিযোগ, বাঁ পায়ের হাড় ভাঙা এক রোগীর অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকেরা ভুল করে সুস্থ ডান পায়ে অস্ত্রোপচার করেছেন।
ঘটনাটি ঘটে গত ১৭ ডিসেম্বর। মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী রেণু বিবি বাড়ির সিঁড়িতে পা পিছলে পড়ে যান। দুর্ঘটনায় তাঁর বাঁ দিকের হিপ জয়েন্টে গুরুতর চোট লাগে এবং বাঁ পায়ের হাড় ভেঙে যায়।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শারীরিক পরীক্ষা ও এক্স-রের পর চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার ছাড়া অন্য কোনো উপায় নেই। পরিবারের সম্মতি নিয়ে রেণু বিবিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
কিন্তু অপারেশনের পরই সামনে আসে ভয়াবহ ভুল। রোগীকে ওটি থেকে বের করার সময় দেখা যায়, বাঁ পায়ের পরিবর্তে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর রোগী নিজেই চিৎকার করে জানান—‘ভুল হয়েছে’। অভিযোগ উঠেছে, নার্স ও ওটি সহকারীর উপস্থিতিতেই অর্থোপেডিক সার্জন সুস্থ ডান পায়ে অস্ত্রোপচার সম্পন্ন করেন।
ভুলটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে রোগীকে পুনরায় অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং ভাঙা বাঁ পায়ে দ্রুত ট্রাকশন দেওয়ার ব্যবস্থা করা হয়।
এদিকে হাসপাতালের কিছু কর্মকর্তার দাবি, বৃদ্ধার দুই পায়েই চোট ছিল। তবে পরিবারের প্রশ্ন—যদি অস্ত্রোপচার করার কথা ছিল বাঁ পায়ে, তাহলে ডান পায়েই বা কেন অস্ত্রোপচার করা হলো? রোগীর আত্মীয় সেলিম মালিক বলেন, অপারেশনের আগে খালি চোখেই বোঝা যায় কোন পায়ে সমস্যা। এক্স-রে রিপোর্ট দেখার পরও এমন ভুল কীভাবে সম্ভব, তা তাদের কাছে বোধগম্য নয়।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। বিষয়টি নিয়ে মুখ খুলেছে হাসপাতাল কর্তৃপক্ষও। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার অনাদি রায় চৌধুরী জানান, এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি, তবে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]