মাদক সেবনের জন্য ২০ হাজার টাকা দাবি, না পেয়ে দলিল লেখককে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের জন্য ২০ হাজার টাকা দাবি করে তা না পেয়ে এক দলিল লেখককে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হোসেন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফ উদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী সাইফ উদ্দিন দেবিদ্বার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের একজন দলিল লেখক। অভিযোগ অনুযায়ী, গত ২৬ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে দেবিদ্বার পৌরসভার দেবিদ্বার মসজিদ মার্কেটে অ্যাডভোকেট জামালের চেম্বারের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, ওই সময় সাইফ উদ্দিন অ্যাডভোকেট জামালের চেম্বারে বসে ছিলেন। এ সময় নাজমুল হোসেন সরকার সেখানে গিয়ে মাদক সেবনের জন্য তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। সাইফ উদ্দিন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সাইফ উদ্দিন বলেন, “ছাত্রদল নেতা নাজমুল হোসেন সরকার দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত। মাদকের টাকার জন্যই তিনি আমার ওপর হামলা করেছেন। ছাত্রদলের সদস্যসচিব হয়েও তিনি মাদকের সঙ্গে জড়িত থাকায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হোসেন সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কেউ আমাকে কিছু জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত করা হবে। তিনি যদি ঘটনার সঙ্গে জড়িত থাকেন, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]