লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে পেট্রোল ঢেলে আগুন, শিশু নিহত
লক্ষ্মীপুরে এক ইউনিয়ন বিএনপি নেতার বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন ওই বিএনপি নেতা ও তার আরও দুই কন্যা। গুরুতর অবস্থায় দুই শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আয়েশা। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের মেয়ে। অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন বেলাল হোসেন এবং তার দুই কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বিথি ও স্মৃতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ঘরজুড়ে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। বেলাল হোসেন ও তার দুই কন্যাও দগ্ধ হন।
পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকায় পাঠানো হয়। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, “রাতের আঁধারে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এতে এক শিশু মারা গেছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, “ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ এবং অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]