শরীয়তপুরের উন্নয়নে ৭ দফা দাবি: জাতীয় সংসদের হুইপের কাছে স্মারকলিপি প্রদান
শরীয়তপুর জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক সংগঠন “জাগো শরীয়তপুর” জাতীয় সংসদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্বাধীনতার পর দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক উন্নয়ন হলেও শরীয়তপুর জেলা এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে অনেকাংশে পিছিয়ে রয়েছে। রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা হওয়া সত্ত্বেও যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়নি। জেলার অর্থনীতি মূলত কৃষি, মৎস্য ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল হলেও এসব খাতের উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও সরকারি উদ্যোগের ঘাটতি রয়েছে।
এ প্রেক্ষাপটে শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে ৭ দফা দাবি উত্থাপন করা হয়।
৭ দফা দাবি গুলো হলো:
১। প্রস্তাবিত ফরিদপুর বিভাগ (পদ্মা বিভাগ) থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহার করে ঢাকা বিভাগের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে।
২। প্রস্তাবিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
৩। মেঘনা সেতুর ভায়াবিলিটি (সম্ভাব্যতা) সমীক্ষা সম্পন্ন হওয়ায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী মেঘনা সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করতে হবে।
৪। শেখ হাসিনা তাঁতপল্লীর নাম পরিবর্তন করে সেখানে একটি আধুনিক বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করতে হবে, যাতে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়।
৫। ঢাকা থেকে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাটুরিয়া পর্যন্ত রেললাইন স্থাপন করতে হবে, যাতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়।
৬। কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ করতে হবে, যাতে কৃষিখাতের উন্নয়ন ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হয়। (বিশেষ করে জাজিরা ও গোসাইরহাট উপজেলা)
৭। সখিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করতে হবে, যাতে স্থানীয় জনগণ সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়।
স্মারকলিপিতে বলা হয়, উল্লিখিত দাবিগুলো বাস্তবায়িত হলে শরীয়তপুর জেলার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জেলার মানুষ উন্নয়নের মূলধারায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত হতে পারবেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি আবদুর রশিদ জিতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন আমিন মোহাম্মদ জিতু, আহ্বায়ক, জাগো শরীয়তপুর; এইচ. এম. জাকির, আহ্বায়ক, শরীয়তপুর জেলা ছাত্রদল এবং সাখাওয়াত কাওসার, সভাপতি, ছাত্রশিবির শরীয়তপুর জেলা।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, শরীয়তপুরের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]