সাংবাদিককে অপহরণের পর নির্যাতন, নগ্ন ভিডিও ধারণের অভিযোগ
দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন, এক কোটি টাকা চাঁদা দাবি ও গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে সোমবার দুপুর ২টার দিকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
মহিন উদ্দিন রিপন জানান, সংবাদ সংগ্রহের কাজে শাহ সিমেন্ট রেডি মিক্স এর এইচ আর ইনচার্জ আসিফ মাহমুদের সঙ্গে কাজ শেষে তিনি সেখানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলসহ ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তি তার চোখ-মুখ বেঁধে জোরপূর্বক একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়।
অভিযোগ অনুযায়ী, মাদকবিরোধী সংবাদ প্রকাশ না করার হুমকিও দেওয়া হয় তাকে। একপর্যায়ে অন্য একটি স্থানে নিয়ে এক নারীর সঙ্গে জোরপূর্বক উলঙ্গ করে আপত্তিকর ও নগ্ন ভিডিও ধারণ করা হয়।রিপনের দাবি, হাজীর মাজার বস্তির মাদক ও সন্ত্রাস নিয়ে ভবিষ্যতে কোনো ফেসবুক লাইভ বা সংবাদ প্রকাশ করলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা।
প্রায় দুই ঘণ্টা নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে তার জ্ঞান ফেরে।
তবে সাংবাদিক মহিন উদ্দিন রিপনের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শাহ সিমেন্ট রেডি মিক্স এর এইচ আর ইনচার্জ আসিফ মাহমুদ জানান, “তিনি আমার সাথে অবস্থানকাল একদল অপরিচিত লোক তাকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।”
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।”

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]