খুঁজুন
, ,

সুবর্ণচরে ছাত্রী নিয়ে পালানোর অভিযোগে মাদরাসা শিক্ষক পলাতক, বিক্ষোভে প্রতিষ্ঠানে আগুন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
সুবর্ণচরে ছাত্রী নিয়ে পালানোর অভিযোগে মাদরাসা শিক্ষক পলাতক, বিক্ষোভে প্রতিষ্ঠানে আগুন

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে একটি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে বিক্ষুব্ধ লোকজন ওই মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান এবং চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) পিরোজপুর জেলার বাসিন্দা এবং তিনি ওই মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগী ছাত্রী বর্তমানে নোয়াখালী সদর উপজেলার একটি মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত এবং আগে অভিযুক্ত শিক্ষকের প্রতিষ্ঠানে পড়াশোনা করত।

অভিযোগ অনুযায়ী, মাদরাসায় পড়াশোনার সময় শিক্ষক ও ছাত্রীর মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জানুয়ারি শিক্ষক ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ঘটনার পর ছাত্রীর পরিবার অভিযুক্ত শিক্ষকের মাদরাসায় তালা লাগিয়ে দেয়। এতে প্রায় এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এর মধ্যেই মঙ্গলবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা মাদরাসায় আগুন দেয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, শিক্ষক ছাত্রী নিয়ে পালানোর ঘটনা কিংবা মাদরাসায় তালা দেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে আগে জানানো হয়নি। তবে ঘটনাটি গুরুতর অপরাধ হওয়ায় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চরজব্বর থানার ওসি মো. লুৎফর রহমান জানান, অগ্নিকাণ্ডের সময় মাদরাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ছাত্রীকে নিয়ে পালানোর বিষয়ে ভুক্তভোগী পরিবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের হেফাজতে রয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ অভিযোগ করেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন।

আবু হানিফ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে ফজলুর রহমান আজ সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি বিভিন্ন সময়ে এই গণঅভ্যুত্থানের বিরোধিতা করছেন। ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই কথায় আছে, ‘ওয়ান্স অ্যান আওয়ামী লীগ, অলওয়েজ অ্যান আওয়ামী লীগ।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়েও সমালোচনা করেন আবু হানিফ। তাঁর দাবি, বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার পর সংসদে গিয়ে রুমিন ফারহানা সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে তিনি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকা পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

আবু হানিফ অভিযোগ করেন, গত কয়েক দিনে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ জানাননি।

সবশেষে তিনি দাবি করেন, দুই সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ডে মনে হচ্ছে, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রবিবার (২২ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ করা হবে।

এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝরনা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, ভিডিওটি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হলে তাকে বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ পৌঁছার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ঝরনা আক্তার ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশাল জেলায়।

স্থানীয়দের ভাষ্যমতে, ঝরনা আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি নজরে এলে এলাকায় ক্ষোভ ও সমালোচনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে তাকে একটি কক্ষে আটকে রাখেন। পরে পুলিশ আসার খবর পেয়ে ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে ঝরনা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা আমার স্ত্রীর মোটেও উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন; কিন্তু পুলিশ পৌঁছার আগেই তিনি পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারীর কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনি পালিয়ে যান। তবে তাকে আটকের চেষ্টা চলছে।